রান্নার সময় আচমকাই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ। তীব্র শব্দের পর মুহূর্তের মধ্যে ধসে পড়ল একটি দোতলা বাড়ির অংশ। ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
সোমবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার মালওয়ান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই সময় বাড়িতে রান্না চলছিল। আচমকাই গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। পাশাপাশি আগুনও ছড়িয়ে যায়। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দারাই প্রথমে দুর্ঘটনার খবর পুলিশ ও দমকলকে দেন। খবর পেয়েই একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধারকারী দলও দ্রুত ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। বাড়ির ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে চলে তল্লাশি অভিযান।
জানা গিয়েছে, বিস্ফোরণের সময় বাড়িটিতে সাতজন ছিলেন। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কী কারণে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল কি না, নাকি সিলিন্ডারে কোনও ত্রুটির কারণে বিস্ফোরণ তা তদন্তের পর স্পষ্ট হবে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।

Leave a comment