একটি ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রী সিটিতে
টিআইএল হেলথকেয়ারের কারখানায়। ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সকালে কারখানার ভিতরে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর কারখানার একটি অংশ ভেঙে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন। খবর পেয়েই পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়।
শুরু হয় দ্রুত উদ্ধারকাজ। বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে মোতায়েন করা হয়। ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের বের করে আহতদের হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত ১০ জনের চিকিৎসা চলছে।
প্রাথমিকভাবে বয়লার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কারখানার বয়লার এবং অন্যান্য যন্ত্রপাতির পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তাবিধি মেনে কাজ হচ্ছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তিরুপতির সাংসদ মাদ্দিলা গুরুমূর্তি। উদ্ধারকাজ দ্রুত শেষ করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a comment