প্রশাসনের শীর্ষ পদে নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে বুধবার দিল্লিতে ‘উন্নত ভারত সংকল্প সভা’-য় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। গত কয়েক বছরে দেশের পরিবর্তনের কথা বলতে গিয়ে সন্ত্রাসবাদের প্রসঙ্গও তোলেন তিনি। পাকিস্তানের নাম না করে মোদীর বার্তা, প্রয়োজনে ভারত ‘ঘরে ঢুকে মেরেছে’।
দেশের নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, একটা সময় পরপর জঙ্গি হামলা হলেও তার উপযুক্ত জবাব মিলত না। ফলে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছিল হতাশা। সেই পরিস্থিতি এখন বদলেছে বলে দাবি করেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আর আগের মতো নরম অবস্থানে নেই, তাঁর বক্তব্যে সেই বার্তাই উঠে আসে।
৩৭০ ধারা প্রত্যাহার এবং নকশাল দমনের কথাও বলেন মোদী। তাঁর কথায়, “আজ ৩৭০ ধারা অতীত হয়েছে। নকশালদের কোমর ভেঙে গিয়েছে।” তাঁর দাবি, বর্তমানে বিশ্ব একটি শক্তিশালী ভারতকে দেখছে। নতুন ভারতে সন্ত্রাসের কোনও জায়গা নেই।
সার্জিক্যাল স্ট্রাইক এবং অপারেশন সিঁদুরের প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। নাম না করে তিনি বলেন, প্রয়োজনে ভারত শত্রুর ঘরে ঢুকে জবাব দিতে পারে। পাকিস্তানের নাম সরাসরি না নিলেও তাঁর এই মন্তব্য প্রতিবেশী দেশকেই ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে।
দেশের অর্থনীতির প্রসঙ্গেও নিজের বক্তব্য রাখেন মোদী। তাঁর দাবি, অতীতে বিশ্বের কোথাও বড় সঙ্কট দেখা দিলে তার প্রভাব ভারতের অর্থনীতিতে পড়ত। এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশের ভিত আরও শক্ত করার উপর জোর দেন তিনি।
২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যও এদিন সামনে রাখেন প্রধানমন্ত্রী। বিশ্বের প্রথম তিনটি অর্থনীতির মধ্যে ভারতকে নিয়ে যাওয়ার পাশাপাশি উৎপাদন শিল্পে আরও জোর দেওয়ার কথা বলেন তিনি। ভারতকে বিশ্বের অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে জানান।
মহাকাশ গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রেও ভারতের অবস্থান আরও শক্ত করার কথা বলেন মোদি। পাশাপাশি দেশে বিশ্বমানের অলিম্পিক আয়োজনের ইচ্ছার কথাও জানান তিনি।
প্রশাসনের শীর্ষ পদে ২৫ বছরের পথ চলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে দেশবাসীর আস্থা এবং কর্মীদের সহযোগিতা পেয়েছেন তিনি। প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথাও জানান। এখনও নিজেকে শিক্ষার্থী মনে করেন বলে উল্লেখ করে মোদী বলেন, “কর্মই আমার ধর্ম।”

Leave a comment