সরকারি পদে নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্ণ হল বুধবার। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। সেই থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে প্রশাসনের শীর্ষে রয়েছেন মোদী। ২৫ বছর পূর্তির দিনে দিল্লির সরোজিনী নগরের শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে পুজো দিলেন প্রধানমন্ত্রী।
মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি বিভিন্ন আচার-অনুষ্ঠানেও অংশ নেন তিনি। পরে এক্স হ্যান্ডলে নিজের বক্তব্য জানান মোদী। দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে ভগবান গণেশের কাছে প্রার্থনা করেছেন বলে জানান প্রধানমন্ত্রী। দেশের উন্নতি এবং সকলের মঙ্গলের জন্যও প্রার্থনা করেন তিনি।
২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০১৪ সালের মে মাস পর্যন্ত ওই পদে ছিলেন মোদী। এরপর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তারপর থেকে টানা প্রধানমন্ত্রী পদে রয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনটিকেই সরকারি পদে তাঁর ২৫ বছরের যাত্রার সূচনা হিসেবে ধরা হচ্ছে।
এই বিশেষ দিন উপলক্ষে বিজেপির তরফে দেশজুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মোদীর দীর্ঘ নেতৃত্বের প্রশংসা করে একটি প্রস্তাব পাশ করা হয়। বিভিন্ন রাজ্যেও দলের পক্ষ থেকে কর্মসূচির আয়োজন করা হয়েছে।
২৫ বছর পূর্তিকে সামনে রেখে গুজরাটের বডনগর থেকে বারাণসী পর্যন্ত ‘সেবা সংকল্প যাত্রা’ নামে মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। বুধবার র্যালিটি বারাণসীতে পৌঁছনোর কথা। মোদীর জন্মস্থান বডনগর থেকে শুরু হয়ে তাঁর লোকসভা কেন্দ্র বারাণসী পর্যন্ত এই র্যালি যাবে।
এদিকে, বারাণসীতে আয়োজন করা হয়েছে ‘নমো বুক ফেস্ট: কাশী এডিশন’। রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জাপানের প্রাক্তন ফার্স্ট লেডি আকি আবের। উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে আরও কর্মসূচি রয়েছে। সেখানে যোগ দেওয়ার কথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরীর। দিল্লিতে বিনায়ক মন্দিরে পুজো দিয়ে এদিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, দেশজুড়ে দলের তরফে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে তাঁর প্রশাসনিক জীবনের ২৫ বছর।

Leave a comment