উৎসবের মরশুমে রেলকর্মীদের জন্য বোনাস ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৭৮ দিনের বেতনের সমতুল্য প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাসে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দেশের ১১ লক্ষেরও বেশি রেলকর্মী উপকৃত হবেন। গত বছরও কর্মীদের ৭৮ দিনের বোনাস দেওয়া হয়েছিল।

রেল মন্ত্রকের হিসাব অনুযায়ী, এ বার ১১,৪০,৭৭০ জন কর্মীকে বোনাস দেওয়া হবে। এর জন্য বরাদ্দ হয়েছে ১৮৬৫.৬৮ কোটি টাকা। বোনাসের সর্বাধিক পরিমাণ ১৭ হাজার ৯৫১ টাকা। তবে সবার প্রাপ্য অর্থ এক হবে না। কর্মীদের বেতন ও নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে বোনাসের অঙ্ক স্থির করা হবে।

রেলের বিভিন্ন বিভাগের কর্মীরা এই সুবিধা পাবেন। তাঁদের মধ্যে রয়েছেন লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, সুপারভাইজার, টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান হেল্পাররা। রেললাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মী, রেল মন্ত্রকের কর্মী এবং অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মচারীরাও এই তালিকায় রয়েছেন। তবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের (আরপিএসএফ) কর্মীরা এই বোনাস পাবেন না।

রেল মন্ত্রকের মতে, কর্মীদের কাজের স্বীকৃতি দিতেই এই বোনাসের সিদ্ধান্ত। ট্রেন চালানো, যাত্রীদের নিরাপত্তা বজায় রাখা এবং রেললাইন দেখভালের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান রেলকর্মীরা। তাঁদের কাজের প্রতি উৎসাহ বাড়াতেও এই আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে।

পুজোর আগে বোনাসের টাকা হাতে এলে অনেক কর্মীই পরিবারের জন্য কেনাকাটা করতে পারবেন। নতুন পোশাক, বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা উৎসবের অন্যান্য খরচে এই টাকা কাজে লাগতে পারে। তাতে বাজারে কেনাকাটার চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a comment