রাত বাড়লেই শহর ও শহরতলির বিভিন্ন ব্যস্ত রাস্তায় দু’ধারে বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় রাস্তার উপর বাস পার্কিং করে রাখায় যান চলাচলে সমস্যা তৈরি হয় বলে অভিযোগ। এই সমস্যা দূর করতে এবার নাইট পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানাল পরিবহণ দফতর। রাতে রাস্তায় বাস রাখলে বাসপিছু ৭০০ টাকা করে পার্কিং চার্জ নেওয়া হবে বলে ঘোষণা করেছেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, রাস্তার উপর রাতের সময় বাস দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধ করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। ব্যস্ত রাস্তায় যাতে পার্কিংয়ের কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা না হয়, সে বিষয়েও নজর দেওয়া হবে।
যদিও এই ঘোষণায় বাস মালিকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, বাস চালানোর খরচ ইতিমধ্যেই অনেকটা বেড়েছে। তার সঙ্গে প্রতিদিন রাতে বাস রাখার জন্য ৭০০ টাকা করে দিতে হলে অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। ফলে এই সিদ্ধান্ত বাস্তবে কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিন পরিবহণ দফতরের প্রশাসনিক কাজকর্ম নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, সরকার পরিচালনার ক্ষেত্রে সবসময় আমলাতন্ত্রের উপর নির্ভর করা উচিত নয়। রাজনৈতিক নেতৃত্বকেও নিজেদের ক্ষমতা প্রয়োগ করে পরিস্থিতির উপর নজর রাখতে হবে।
বর্ধমানের বাস পরিষেবা নিয়েও এদিন মুখ খোলেন অর্জুন সিং। তাঁর দাবি, বর্ধমান থেকে তাঁকে ফোন করে জানানো হয়েছে যে প্রায় ১৩০টি মিনিবাস ধর্মঘটে যেতে পারে। খবর পাওয়ার পর পরিবহণ দফতরের সচিবকে ফোন করে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।
পাশাপাশি টোটো চলাচল নিয়েও আধিকারিকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এখন দেখার, ৭০০ টাকা নাইট পার্কিং চার্জের সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হয় এবং কোন কোন রাস্তায় এই নিয়ম প্রযোজ্য করা হয়।

Leave a comment