কালীপুজোয় বারাসত ও নৈহাটিতে ঠাকুর দেখতে গিয়ে রাত করে বাড়ি ফিরতে হয় অনেককে। তাঁদের কথা ভেবেই অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। ৮-৯, ৯-১০ এবং ১০-১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে মোট ছয় জোড়া বিশেষ ইএমইউ লোকাল চালানো হবে। শিয়ালদহ, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট, ডানকুনি ও ব্যারাকপুর রুটে চলবে এই ট্রেনগুলি।
কালীপুজোর সময় বারাসত ও নৈহাটিতে প্রতি বছরই প্রচুর মানুষের সমাগম হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুজো মণ্ডপগুলিতে ভিড় থাকে। কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন এই দুই জায়গার পুজো দেখতে। রাতের দিকে বাড়ি ফেরার সময় ট্রেনের চাপও বাড়ে। তাই যাত্রীদের সুবিধার জন্য রাতের অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করেছে রেল।
জেনে নিন আপ লাইনের বিশেষ ট্রেনের সময়সূচি:
03161: শিয়ালদহ ছাড়বে ২৩:০০, ডানকুনি পৌঁছবে ২৩:৪২।
03163: শিয়ালদহ ছাড়বে ০০:৫০, বারাসত পৌঁছবে ০১:৩৫।
03165: বারাসত ছাড়বে ০১:৫০, বনগাঁ পৌঁছবে ০৩:০০।
03167: বারাসত ছাড়বে ০১:১০, হাসনাবাদ পৌঁছবে ০২:৩৬।
03169: শিয়ালদহ ছাড়বে ০০:৪০, রানাঘাট পৌঁছবে ০২:৩০।
03171: ব্যারাকপুর ছাড়বে ০১:২৫, নৈহাটি পৌঁছবে ০২:১০।
ডাউন লাইনের বিশেষ ট্রেনের সময়সূচি:
03162: ডানকুনি ছাড়বে ২৩:৫৫, শিয়ালদহ পৌঁছবে ০০:৩৭।
03164: বারাসত ছাড়বে ০১:১০, শিয়ালদহ পৌঁছবে ০১:৫৫।
03166: বনগাঁ ছাড়বে ২৩:০০, বারাসত পৌঁছবে ০০:১০।
03168: হাসনাবাদ ছাড়বে ২৩:৩০, বারাসত পৌঁছবে ০০:৫৬।
03170: রানাঘাট ছাড়বে ২৩:৪৫, শিয়ালদহ পৌঁছবে ০১:৪০।
03172: শিয়ালদহ ছাড়বে ০০:৩০, ব্যারাকপুর পৌঁছবে ০১:১৫।
এদিকে, নৈহাটি জংশনেও প্ল্যাটফর্ম ব্যবহারে বদল আনা হচ্ছে। ৮ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১২টা অবধি ১ নম্বর প্ল্যাটফর্মে কোনও ট্রেন ঢুকবে না বা ছাড়বে না। ওই সময় ট্রেন চলাচল করবে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। কালীপুজোর দিনগুলিতে স্টেশনে ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত।
অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে শিয়ালদহ উত্তর, রানাঘাট ও বারাসতে একটি করে ইএমইউ রেকও তৈরি রাখা হবে। চালকদল-সহ ওই রেকগুলি স্ট্যান্ডবাই থাকবে। প্রয়োজন পড়লে সেগুলি দিয়ে বাড়তি ট্রেন চালানো হবে।
রেলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৮ নভেম্বর রবিবার শহরতলির সমস্ত ট্রেন চলবে কর্মদিবসের সময়সূচি অনুযায়ী। ওই দিন শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি রুটে 31845/31846 নম্বরের এসি ইএমইউ লোকাল চালানো হবে।
শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, কালীপুজোয় বাড়তি যাত্রী সামলাতে রাতের ট্রেনের পাশাপাশি স্ট্যান্ডবাই রেকের ব্যবস্থাও রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। স্টেশনে ঘোষিত নির্দেশ মেনে চলার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে রেল।

Leave a comment