আগামী কয়েক বছরে পশ্চিমবঙ্গে বিপুল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে অম্বুজা নেওটিয়া গোষ্ঠী। আগামী ৫ থেকে ৮ বছরের মধ্যে রাজ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থার। এই বিনিয়োগের রূপরেখা নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া।

জানা গিয়েছে, স্বাস্থ্যসেবা, হসপিটালিটি এবং নগরোন্নয়ন—এই তিনটি ক্ষেত্রে মূলত বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে ১,২৬০ শয্যার পাঁচটি নতুন হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। হসপিটালিটি ক্ষেত্রে ১,০৮৭টি কক্ষ-সহ মোট ১৪টি প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনটি বড় টাউনশিপ উন্নয়নের প্রকল্পেও কাজ করার কথা রয়েছে সংস্থার। এর মধ্যে আবাসন ও পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও থাকছে।

প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ফলে বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, বুধবার নবান্নে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, বিদ্যুৎ, পরিবহন, চলচ্চিত্র, পরিকাঠামো এবং তথ্যপ্রযুক্তি—একাধিক ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখিয়েছে রিলায়েন্স গোষ্ঠী। একদিকে অম্বুজা নেওটিয়ার ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা, অন্যদিকে রিলায়েন্সের একাধিক ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ রাজ্যে নয়া শিল্প সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a comment