নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও মোবাইলে তুলে অনলাইনে ছড়ানোর অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার আকাইপুর পঞ্চায়েতের ব্যাসপুরের ঘটনা। সম্প্রতি ওই দম্পতির একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি স্থানীয়দের নজরে আসার পরই শুরু হয় হইচই। বৃহস্পতিবার সকালে অভিযুক্তদের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এলাকার কয়েক জন বাসিন্দা।

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ওই দম্পতি মোবাইলে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করতেন। পরে সেই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া হত বলে অভিযোগ। এর মাধ্যমে তাঁরা টাকা উপার্জন করতেন বলেও দাবি স্থানীয়দের। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে এলাকার বাসিন্দারা দু’জনকে চিনতে পারেন বলে জানা গিয়েছে।

তারপরই ব্যাসপুরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার সকালেই অভিযুক্তদের বাড়ির সামনে ভিড় করেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে তা বিক্ষোভের চেহারা নেয়। স্থানীয়দের অভিযোগ, শ্বশুরবাড়িতে থাকাকালীন ঘরের দরজা বন্ধ করে ওই দম্পতি এই ধরনের ভিডিও তৈরি করতেন। পরে সেগুলি বিভিন্ন অনলাইন মাধ্যমে আপলোড করা হত।

খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এরপর ওই দম্পতিকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে আর্থিক সমস্যার বিষয়টি সামনে এসেছে। টাকার প্রয়োজনেই তাঁরা এইভাবে রোজগারের চেষ্টা করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এই কাজের পিছনে অন্য কারও যোগ রয়েছে কি না, সেটিও দেখা হচ্ছে।

ইতিমধ্যে ভিডিওগুলি নিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ। কতদিন ধরে এমন ভিডিও তৈরি করা হচ্ছিল, কতগুলি ভিডিও অনলাইনে দেওয়া হয়েছে এবং সেগুলি কোন কোন মাধ্যমে ছড়িয়েছে, তা জানার চেষ্টা চলছে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি প্রথম কোথা থেকে ছড়িয়েছিল, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রয়োজন হলে অভিযুক্তদের মোবাইল ফোনের তথ্য পরীক্ষা করা হবে।

ঘটনার পর এলাকায় ক্ষোভ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ দম্পতির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে ঘটনার পিছনে আর কারও ভূমিকা ছিল কি না, সেটিও পরিষ্কার হবে।

Leave a comment