পুজোর মুখে দুর্গাপুর ও আসানসালের যাত্রীদের জন্য চালু হল পাঁচটি নতুন বৈদ্যুতিক বাস। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাস টার্মিনাস থেকে বাসগুলির পরিষেবা শুরু হয়েছে। তিনটি রুটে চলবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলি। পাশাপাশি আসানসোলে চালু হয়েছে একটি নতুন ইভি চার্জিং স্টেশন।
পাঁচটি বাসের মধ্যে দু’টি চলবে বেনাচিতি থেকে বর্ধমান পর্যন্ত। চণ্ডীদাস বাজার ও ভগৎ সিং মোড় হয়ে যাবে বাসগুলি। আরও দু’টি বাস চলবে দুর্গাপুর থেকে বার্নপুর হয়ে আসানসাল রুটে। বাকি বাসটি চলবে দুর্গাপুর শহরের ভিতরে।
পুজোর সময়ে দুর্গাপুর ও আশপাশের রাস্তায় যাত্রীদের চাপ বাড়ে। কেনাকাটা কিংবা ঠাকুর দেখতে বেরিয়ে বাসের উপরেই ভরসা করেন অনেকে। তার আগে নতুন বাস চালু হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে দুর্গাপুর থেকে বর্ধমান ও আসানসালের মধ্যে যাতায়াত করেন যাঁরা, তাঁদের জন্য এই পরিষেবা কাজে আসতে পারে।
পরিবেশদূষণ কমাতে বৈদ্যুতিক বাস চালানোর উপর জোর দেওয়া হচ্ছে। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম (এনসিএপি)-এর আওতায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় বাসগুলি কেনা হয়েছে। প্রতিটি বাসের দাম প্রায় ১ কোটি ১৯ লক্ষ টাকা। পাঁচটি বাসের মোট আনুমানিক মূল্য ৫ কোটি ৯৫ লক্ষ টাকা।
নতুন বাসগুলিতে বিশেষভাবে সক্ষম যাত্রীদের যাতায়াতের সুবিধার দিকেও নজর দেওয়া হয়েছে। বৈদ্যুতিক বাস চালানোর জন্য চার্জিং পরিকাঠামোও প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই আসানসোলে নতুন চার্জিং স্টেশন চালু করা হয়েছে।
সিটি সেন্টার বাস টার্মিনাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রণব ঘোষসহ অন্যান্য আধিকারিকরা।
পুজোর আগে নতুন বাস চালু হওয়ায় দুই শহরের পরিবহণ পরিষেবায় বাড়তি সুবিধা মিলবে বলে আশা করা হচ্ছে। তবে যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে কতটা সুবিধা হয়, তা বোঝা যাবে পরিষেবা নিয়মিত চলার পরেই।

Leave a comment