পুজোর ছুটিতে ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে হবে কি না, তা নিয়ে চিন্তা ছিল অনেকেরই। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তমীর পর সেই আশঙ্কা অনেকটাই কমবে। শনিবার দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় বৃষ্টি হলেও রবিবার থেকে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। অষ্টমী থেকে একাদশী পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। কলকাতার আকাশে মেঘ থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সামান্য বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্তভাবে। রবিবার থেকে শহরের আবহাওয়া আরও শুষ্ক হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমার ইঙ্গিত মিলেছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। রবিবারও দার্জিলিং ও কালিম্পংয়ের দু’-একটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরের অন্য জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা কম।
আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমী থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। একাদশী পর্যন্ত দুই বঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। ফলে পুজোর বাকি দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে ঘোরার ক্ষেত্রে আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা আপাতত কম।

Leave a comment