পুজো আসতে আর বেশি দেরি নেই। তার আগেই বৃষ্টির দাপট কমার নাম নেই। মহালয়া পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার পর শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, এ দিন কলকাতায় দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলাই থাকবে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে ঝড়ের আশঙ্কাও রয়েছে। সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার এবং শনিবারও কয়েকটি জায়গায় বৃষ্টি চলবে।মঙ্গলবার রাতেও কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ৫.৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।

Leave a comment