পুজোর আগে ফের বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বঙ্গজুড়ে। বিহার, সংলগ্ন উত্তরপ্রদেশ এবং অসমের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যদিও এই ঘূর্ণাবর্তের প্রভাবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বর্ষণের পরিমাণ বাড়ার সম্ভাবনা নেই।
শনিবার উপকূলবর্তী এবং তার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বেলা গড়ালে আকাশ মেঘলা হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ এক-দু’পশলা হালকা বৃষ্টিও হতে পারে। তবে শহরে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় বর্ষার বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। তার আগে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। রবিবারের পর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির প্রবণতাও ধীরে ধীরে কমবে।
উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমতে পারে।

Leave a comment