নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কাটলেও বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলছে না দক্ষিণবঙ্গের। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, চলছে বৃষ্টিও। তবে দুপুরের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি আরও স্পষ্ট হবে। আগামী ৩-৪ দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেপ্টেম্বরের বাকি দিনগুলিতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষা বিদায়ের রেখা বর্তমানে পাঞ্জাবের গুরুদাসপুর, চণ্ডীগড়, মোজাফফরনগর, আলিগড় এবং উদয়পুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে ছত্তিশগড় এবং সংলগ্ন মধ্যপ্রদেশের এলাকায় এখনও গভীর নিম্নচাপ অবস্থান করছে। সেটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে। নিম্নচাপ স্থলভাগ থেকে সরে গেলেও সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকবে।
শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। রবিবারও বিচ্ছিন্নভাবে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া আরও শুকনো হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে অবশ্য পরিস্থিতি কিছুটা আলাদা। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। এই তিন জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। এরপর বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে।

Leave a comment