বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তার লক্ষ্যেই বিজেপি সরকারের তরফে যুবশক্তি ভরসা কার্ড আনার ঘোষণা করা হয়েছে। নতুন সরকারের ঘোষিত যুবশক্তি ভরসা কার্ড কবে থেকে চালু হবে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং আবেদনের সময় কী কী নথি প্রয়োজন—তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।

মূলত উচ্চ মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা মাসে ২০০০ টাকা এবং স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা থাকা আবেদনকারীরা মাসে ৩০০০ টাকা করে ভাতা পেতে পারেন। এই সুবিধার ক্ষেত্রে পুরুষ ও মহিলা—উভয়েই আবেদন করার সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বেকার যুবক-যুবতীরাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। 

যুবশক্তি ভরসা কার্ডের জন্য আলাদা একটি সরকারি ওয়েবসাইট বা অনলাইন পোর্টাল চালু করা হতে পারে। সেই পোর্টালের মাধ্যমেই অনলাইনে আবেদন নেওয়া হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি অফলাইনেও আবেদন করার সুযোগ থাকতে পারে। সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এসডিও কিংবা বিডিও অফিসে আবেদন করার ব্যবস্থা থাকতে পারে।

পাওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর মাস থেকে যুবশক্তি ভরসা কার্ডের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। আবেদন জমা নেওয়ার পর যোগ্য আবেদনকারীদের নথি যাচাই করা হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর নভেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। তবে আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ, টাকা দেওয়ার চূড়ান্ত সময়সূচি এবং সরকারি পোর্টালের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। 

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আবেদনের জন্য আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি প্রয়োজন হতে পারে। পাশাপাশি লাগতে পারে আধার কার্ড ও আধার-লিঙ্কড মোবাইল নম্বর। এছাড়াও ভোটার কার্ড, জন্মের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট রাখতে হবে। উচ্চ মাধ্যমিক, স্নাতক বা অন্যান্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্টিফিকেট বা মার্কশিটও প্রয়োজন হতে পারে। এর পাশাপাশি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা পাসবুক এবং সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন হতে পারে। ভোটার তালিকা সংক্রান্ত যাচাইয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ হতে পারে।

Leave a comment