কালীপুজোর আগে তারাপীঠ যেতে ইচ্ছুক মায়াপুরের বাসিন্দাদের জন্য সুখবর। এবার মায়াপুর থেকে সরাসরি তারাপীঠ ও রামপুরহাট পর্যন্ত বাস চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)। এতদিন এই পথে যেতে হলে মাঝপথে বাস বদল করতে হত যাত্রীদের। নতুন পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যা আর থাকবে না।
মায়াপুরের ইসকন মন্দির এবং তারাপীঠ মন্দিরে সারা বছরই ভক্তদের ভিড় থাকে। বিশেষ করে কালীপুজো ও অমাবস্যার সময়ে তারাপীঠে পুণ্যার্থীদের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। অন্যদিকে, মায়াপুরেও দেশ-বিদেশ থেকে বহু মানুষ আসেন। দুই জায়গার মধ্যে সরাসরি বাস চালু হওয়ায় পর্যটক ও তীর্থযাত্রীদের সুবিধা হবে। পাশাপাশি নদিয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার মানুষও এই বাসে যাতায়াত করতে পারবেন।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, মায়াপুরের ইসকন মন্দির অথবা সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে সকাল ৭টায় ছাড়বে বাসটি। তারাপীঠ থেকে ফেরার বাস ছাড়বে দুপুর ১টা ৩০ মিনিটে।
বাসটির রুটও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার উপর দিয়ে। মায়াপুর থেকে ধুবুলিয়া, বেথুয়াডহরি, পলাশী, রেজিনগর, বেলডাঙা ও বহরমপুর হয়ে যাবে বাসটি। এরপর কান্দি, খড়গ্রাম ও বুধিগ্রাম পেরিয়ে পৌঁছবে তারাপীঠ ও রামপুরহাটে।
অন্যদিকে, কালীপুজোর আগে তারাপীঠ মন্দিরে দর্শনার্থীদের জন্য একাধিক নিয়ম চালু হয়েছে। প্রায় দেড় মাস পর মা তারা আবার গর্ভগৃহে ফিরেছেন। তবে মন্দিরের পুজো ও দর্শনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করেছে মন্দির কমিটি।
নতুন নিয়মে দেবীকে সরাসরি স্পর্শ করা কিংবা নিজের হাতে মালা পরানো যাবে না। মন্দিরের ভিতরে নারকেল ফাটানো, আলতা ঢালা এবং মদ নিবেদনও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। ছবি তোলার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে।

Leave a comment