২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সূচিতে বদল আসতে পারে। ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী বছরের ২ মার্চ থেকে পরীক্ষা শুরু করার প্রস্তাব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই এই মর্মে স্কুলশিক্ষা দফতরের কমিশনারকে চিঠি পাঠিয়েছেন পর্ষদ সভাপতি লালু দাস। তবে প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর দেবে স্কুলশিক্ষা দফতর।
কিন্তু কেন পরীক্ষার দিন পিছনোর কথা ভাবছে পর্ষদ? সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের এই প্রক্রিয়া চলবে ১ মার্চ পর্যন্ত। এই কাজে রাজ্যের বহু স্কুলশিক্ষককে দায়িত্ব দেওয়া হতে পারে। ফলে একই সময়ে মাধ্যমিক পরীক্ষা আয়োজন নিয়ে তৈরি হতে পারে সমস্যা।
নির্ধারিত সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হলে শিক্ষক-শিক্ষিকাদের একাংশকে পরীক্ষার দায়িত্ব সামলাতে হবে। অন্যদিকে, জনগণনার কাজেও তাঁদের উপস্থিতি প্রয়োজন। ফলে দুই ক্ষেত্রেই পর্যাপ্ত কর্মী পাওয়া নিয়ে সংশয় তৈরি হচ্ছে। স্কুলগুলিতে পরীক্ষক ও পরিদর্শকের অভাব দেখা দিতে পারে বলেও আশঙ্কা। আবার পরীক্ষার কাজে বেশি সংখ্যক শিক্ষক যুক্ত হলে জনগণনার নির্ধারিত কাজ শেষ করাও কঠিন হয়ে পড়তে পারে।
এই পরিস্থিতিতে জনগণনার কাজ চলাকালীন মাধ্যমিক পরীক্ষা না রাখার পক্ষেই মত পর্ষদের। সেই কারণেই ১৫ ফেব্রুয়ারির বদলে ২ মার্চ থেকে পরীক্ষা শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্কুলশিক্ষা দফতরে পাঠানো চিঠির সঙ্গে সম্ভাব্য নতুন সূচিতেও উল্লেখ করা হয়েছে। মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক, বিভিন্ন প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার দিনক্ষণ যাতে একে অপরের সঙ্গে না মেলে, সেই বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। এবার স্কুলশিক্ষা দফতরের অনুমোদনের অপেক্ষা।

Leave a comment