একসময় তাঁর গান জায়গা করে নিয়েছিল শ্রোতাদের মনে। গায়ক হিসাবেই প্রথম পরিচিতি, পরে রাজনীতির আঙিনায় প্রবেশ। বাম শিবির থেকে তৃণমূলে যোগ, তার পর মন্ত্রিত্ব। কিন্তু রাজনৈতিক জীবনের ব্যস্ততায় ক্রমশ আড়ালে চলে গিয়েছিল গানের জগৎ। সেই গায়ক পরিচয়ই এবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর সামনে আনছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। পুলিশি জেরায় তাঁর দাবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া টাকা গানের অনুষ্ঠান ও স্টেজ শো থেকে পাওয়া।

পুলিশ সূত্রে খবর, ইন্দ্রনীলের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই টাকা কোথা থেকে এসেছে, তা জানতে চাইলে গানের অনুষ্ঠানের পারিশ্রমিকের কথা জানিয়েছেন তিনি। তবে তদন্তকারীদের নজরে এসেছে অন্য একটি বিষয়। ওই অ্যাকাউন্টগুলিতে বর্তমানে যে পরিমাণ টাকা রয়েছে, তা জমা পড়া অর্থের তুলনায় অনেকটাই কম। ফলে বাকি টাকা কোথায় গেল, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে তদন্তকারীদের মধ্যে। তাঁদের অনুমান, অ্যাকাউন্ট থেকে অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে টাকা।

তদন্তে উঠে এসেছে, ২০২২ সাল থেকে দুর্গাপুজোর পাস বিক্রির কাজ শুরু করেছিল ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেনের সংস্থা ‘মাস আর্ট’। অভিযোগ, সেই সময় থেকেই ইন্দ্রনীলের একাধিক অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করে। ব্যাঙ্কের স্টেটমেন্ট খতিয়ে দেখে এই লেনদেনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এখন সেই অর্থের উৎসের পাশাপাশি টাকা কোথায় সরানো হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

অন্যদিকে, তদন্তে এবার মুখ খুলেছেন মধুছন্দা সেনও। লালবাজারে তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, জেরায় তিনি জানিয়েছেন, ইন্দ্রনীল নিজের সিদ্ধান্তেই কাজ করতেন। অন্য কারও পরামর্শ বা কথা শুনতেন না। স্বামীর গ্রেফতারির পর তাঁর এই বক্তব্য ঘিরেও নতুন করে চর্চা শুরু হয়েছে। পাস বিক্রির টাকা সংক্রান্ত তদন্তে এবার ইন্দ্রনীলের পাশাপাশি মধুছন্দার বয়ানও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a comment