ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে বুধবার উত্তর-পশ্চিম নেপালের মুগু জেলায় পরপর দু’বার কম্পন অনুভূত হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে হওয়া দুই কম্পনের জেরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হলেও এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।

ন্যাশনাল সিসমোলজিক্যাল রিসার্চ সেন্টারের হিসাব অনুযায়ী, মুগু জেলার কালাই এলাকা থেকেই দুই কম্পনের উৎপত্তি। প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় বুধবার রাত ১টা ৫১ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। এরপর প্রায় আড়াই ঘণ্টা পর, ভোর ৪টে ২৮ মিনিটে একই এলাকায় ফের ভূমিকম্প হয়। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.২।

এর আগে গত ১১ সেপ্টেম্বরও ভূমিকম্পে কেঁপেছিল নেপাল। সেদিন সকাল ৯টা ৮ মিনিটে জাজরকোট জেলার কালসেনী এলাকায় কম্পন অনুভূত হয়। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১।

এদিকে, সাম্প্রতিক হড়পা বান ও সংশ্লিষ্ট বিপর্যয়ের ক্ষত এখনও পুরোপুরি শুকোয়নি নেপালের। ওই ঘটনায় ১৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ। এমন পরিস্থিতিতে পরপর ভূমিকম্পের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Leave a comment