প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। এই উপলক্ষে সল্টলেকে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা এবং তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেন তিনি। 

এদিন মোদী বলেন, “আমাদের মূল মন্ত্র কথা কম, কাজ বেশি।” তাঁর বক্তব্য অনুযায়ী, পরিবারের জরুরি খরচ নিয়ে চিন্তা কমলে মহিলাদের আত্মবিশ্বাস বাড়ে। অন্নপূর্ণা ভাণ্ডার সেই আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে এই প্রকল্পের টাকা কীভাবে পরিবারের বিভিন্ন প্রয়োজন মেটাতে কাজে লাগতে পারে। কোনও মায়ের সন্তানের পড়াশোনার খরচ, কোনও বোনের ওষুধ কিংবা পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে এই অর্থ ব্যবহার করা সম্ভব বলে জানান তিনি।

সেপ্টেম্বর মাসের কিস্তিতে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের কিস্তিতে উপভোক্তার সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ হয়েছে। আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 

অন্নপূর্ণা যোজনা ২০২৬ সালের জুন মাসে চালু হয়েছে। প্রকল্পের আওতায় নির্দিষ্ট যোগ্যতার ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সরকারি চাকরি, নিয়মিত সরকারি বেতন বা পেনশন, আয়কর প্রদান-সহ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। 

এদিনের বক্তব্যে রাজনৈতিক প্রসঙ্গও উঠে আসে। ‘কাটমানি’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় আর কাটমানি লাগে না।” সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থার প্রসঙ্গেই এই মন্তব্য করেন তিনি। 

এদিকে, যোগ্য হওয়া সত্ত্বেও কারও অ্যাকাউন্টে টাকা না ঢুকলে আধার ও ব্যাঙ্কের তথ্য, DBT সংযোগ এবং নথিপত্র যাচাই করতে বলা হয়েছে। টাকা সংক্রান্ত সমস্যার জন্য রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর ৮২৮২০৮২৮২০ এবং ই-মেল asap@wb.gov.in-এ অভিযোগ জানানোর ব্যবস্থাও রয়েছে। 

অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে তাই মহিলাদের আর্থিক সহায়তার পাশাপাশি তাঁদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

Leave a comment