শেয়ার বাজারে বিনিয়োগের নামে কলকাতার এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইবার প্রতারকদের বিরুদ্ধে। প্রথমে অল্প টাকা বিনিয়োগ করিয়ে কয়েক গুণ লাভের টাকা ফেরত দিয়ে ব্যবসায়ীর আস্থা অর্জন করা হয়। পরে বড় অঙ্কের টাকা লগ্নির জন্য চাপ দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় ‘সেবি’র নামে ভুয়ো চিঠি পাঠিয়ে মানি লন্ডারিং মামলার ভয় দেখানো হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেনিয়াপুকুরের বাসিন্দা ওই ব্যবসায়ী প্রায় দু’বছর আগে ফেসবুকে শেয়ার ট্রেডিং সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেখেছিলেন। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেন। সেখানে অক্ষত ও অবিনাশ নামে দুই ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ হয়।

অভিযোগ, তাঁদের কথামতো ব্যবসায়ী একটি শেয়ার ট্রেডিং অ্যাপ ডাউনলোড করেন। প্রথমে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তিনি। কিছুদিন পর অ্যাপে প্রায় ৫ লক্ষ ১৯ হাজার টাকা লাভ দেখানো হয়। সেই টাকা তিনি তুলতেও পারেন। ফলে প্রতারকদের কথায় তাঁর বিশ্বাস তৈরি হয়। এরপর আরও লাভের আশায় প্রায় ২০ লক্ষ টাকা বিনিয়োগ করেন ব্যবসায়ী। অভিযোগ, পরে তাঁকে আরও ২৩ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু বিপুল অঙ্কের টাকা দিতে রাজি হননি তিনি। এরপরই তাঁর কাছে ‘সেবি’র নামে একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে দাবি করা হয়, তিন দিনের মধ্যে নির্দিষ্ট টাকা বিনিয়োগ না করলে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পদক্ষেপ করা হবে। চিঠিটি সত্যি বলে মনে করে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী। শেষ পর্যন্ত আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে ধার করে আরও ১৭ লক্ষ ৬৩ হাজার টাকা অভিযুক্তদের অ্যাকাউন্টে পাঠান তিনি। এরপর অ্যাপের মাধ্যমে শেয়ার বিক্রি করে টাকা ফেরত নেওয়ার চেষ্টা করলে ২০ শতাংশ কমিশন দাবি করা হয়। তখনই সন্দেহ হয় ব্যবসায়ীর। বিষয়টি বুঝতে পেরে তিনি বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে পুলিশ ৬.১২ লক্ষ টাকা উদ্ধার করেছে। বাকি প্রায় ২৬ লক্ষ ৪৩ হাজার টাকা উদ্ধারের চেষ্টা চলছে। মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে অক্ষত ও অবিনাশ নামে অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

Leave a comment