দলের গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন মমতা তৃণমূলের নেতা তথা প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান অজিত মাইতি। বৃহস্পতিবার রাতে খড়গপুরের নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলেরই এক প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, ব্লক সভাপতি পদে বসানোর প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর অজিত মাইতিকে গ্রেফতার করা হয়।

প্রাক্তন বিধায়ক ও দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা নেতার গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হতে পারে বলে জানা গিয়েছে।

দলের দীর্ঘদিনের নেতা অজিত মাইতি অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির দায়িত্বও সামলেছেন। বিধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে জেলা পরিষদের সহ সভাধিপতি ছিলেন অজিত মাইতি। পুলিশ সূত্রে খবর, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেটি বেশ পুরনো। বৃহস্পতিবার রাতে খড়গপুরের বাড়িতেই ছিলেন তিনি।

Leave a comment