বালি পাচারের অভিযোগ ঘিরে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভায় দাঁড়িয়ে তাঁর দাবি, বালি পাচার থেকে পাওয়া টাকা সরাসরি ক্যামাক স্ট্রিটে যেত। একই সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তাও দেন তিনি।

এদিনের সভায় রাজ্যে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর বালি পাচার বন্ধ করার দাবি করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ভোটের আগে বিপুল পরিমাণ বালি মজুত করা হয়েছিল। পরে ব্যবসা করার পরিকল্পনা ছিল বলেও অভিযোগ করেন তিনি। সরকার ক্ষমতায় আসার পর সেই ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

বালি খাদান নিয়ে আরও একটি ঘোষণা করেন শুভেন্দু। অক্টোবর থেকে বালি খাদান ফের চালু হলে দাম কমার সম্ভাবনার কথা জানান তিনি। পাশাপাশি পশু হাট চালুর প্রসঙ্গ তুলে দুগ্ধপালকদের গরু কেনাবেচায় ছাড় দেওয়ার কথাও বলেন।

মাদক কারবারিদের বিরুদ্ধেও এদিন কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেশামুক্ত বাংলা গড়ার কথা বলতে গিয়ে মাদক কারবারে যুক্তদের দীর্ঘমেয়াদি কারাদণ্ডের হুঁশিয়ারি দেন তিনি। ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ নিয়েও আইন আনার কথা ফের জানান শুভেন্দু।

দুর্গাপুজো নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। পিতৃপক্ষে দুর্গাপুজো না করার কথা জানান তিনি। অষ্টমীর দিন মদের দোকান বন্ধ রাখার নির্দেশের কথাও বলেন। একই সঙ্গে ডিজে সংস্কৃতি থেকে বাংলাকে বের করে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন শুভেন্দু।

এর আগে শুক্রবার পূর্ব বর্ধমানে পৌঁছে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। পরে পুলিশ লাইন মাঠে প্রশাসনিক সভায় যোগ দেন তিনি। সেখান থেকেই রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধী শিবিরকে নিশানা করেন শুভেন্দু।

Leave a comment