পুজোর আগে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী ও পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর। একাধিক পদে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১ অক্টোবর থেকেই বর্ধিত হারে বেতন কার্যকর হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। স্কুল শিক্ষা দফতরের প্ল্যানিং অ্যান্ড বাজেট শাখার নির্দেশিকায় নতুন বেতন কাঠামোর কথা জানানো হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, প্রাথমিক স্তরের প্যারা টিচার এবং এসএসকে-র সহায়কদের মাসিক বেতন ১১ হাজার ৯৪১ টাকা থেকে বেড়ে ১৬ হাজার ৯৪১ টাকা হয়েছে। অর্থাৎ বৃদ্ধি ৫ হাজার টাকা। উচ্চ প্রাথমিকের প্যারা টিচার এবং এমএসকে-র শিক্ষকদের বেতনও ৫ হাজার টাকা বেড়েছে। ১৫ হাজার ৫২৩ টাকা থেকে তাঁদের নতুন বেতন ২০ হাজার ৫২৩ টাকা।
শিক্ষাবন্ধুদের বেতন বেড়ে হয়েছে ১৪ হাজার ৯৫৪ টাকা। স্পেশাল এডুকেটরদের নতুন বেতন ১৯ হাজার ৯২৪ টাকা। পার্ট-টাইম উচ্চমাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে বেতন ৫ হাজার টাকা বেড়ে হয়েছে ২০ হাজার ২১৮ টাকা। অ্যাকাডেমিক সুপারভাইজারদের ১৮ হাজার ৭৮১ টাকা এবং পিএ-কাম-ডিইওদের ১৯ হাজার ৭৭৪ টাকা করা হয়েছে।
মুখ্য শিক্ষক ও ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের বেতন বাড়ছে ৬ হাজার টাকা করে। ফলে তাঁদের নতুন বেতন যথাক্রমে ২২ হাজার ১৭৮ টাকা এবং ২৫ হাজার ৬৯২ টাকা।
ম্যানেজমেন্ট স্টাফদের জন্য আবার বেতনের স্তর অনুযায়ী বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। ২৫ হাজার টাকার কম বেতন হলে ৫ হাজার টাকা, ২৫ থেকে ৪০ হাজারের মধ্যে হলে ৭ হাজার টাকা এবং ৪০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে হলে ১০ হাজার টাকা বাড়বে।
এই ঘোষণায় সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে স্বস্তি ফিরলেও কার্যকর তারিখ নিয়ে আপত্তি রয়েছে শিক্ষক সংগঠনগুলির একাংশের। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি, বাজেট ঘোষণায় বেতন বৃদ্ধি ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তা কার্যকর হচ্ছে অক্টোবর থেকে।
তাঁর দাবি, আগামী বাজেটে পার্শ্বশিক্ষকসহ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আরও সম্মানজনক বেতন কাঠামো করা প্রয়োজন।

Leave a comment