সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত নিয়মে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকা সত্ত্বেও যাঁদের কাছে স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, তাঁদের ৩১ অক্টোবরের মধ্যে সেই কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার অর্থ দফতরের মেডিক্যাল সেল থেকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

রাজ্য সরকারের বক্তব্য, সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং তাঁদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (ডব্লিউবিএইচএস) রয়েছে। কিন্তু এই প্রকল্পের সুবিধা পান, এমন কিছু কর্মী ও পেনশনভোগীর কাছে স্বাস্থ্য সাথী কিংবা আয়ুষ্মান ভারত কার্ডও রয়েছে। অল ইন্ডিয়া সার্ভিসের কর্মীদের ক্ষেত্রেও এমন পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু কার্ড জমা দিলেই চলবে না। তার সঙ্গে জমা দিতে হবে নির্দিষ্ট ঘোষণাপত্র এবং কার্ড সমর্পণের প্রমাণ। কর্মরত সরকারি কর্মীদের সংশ্লিষ্ট দফতরের প্রধানের কাছে নথি জমা দিতে হবে। পেনশনভোগীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের ফর্ম জমা দেওয়ার নির্দিষ্ট জায়গায়।

এই প্রক্রিয়া শেষ করার জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যে নির্দেশ পালন না করলে সংশ্লিষ্ট ব্যক্তির পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের চিকিৎসা সংক্রান্ত সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। পাশাপাশি, নির্দেশ অমান্যকারী সরকারি কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে অর্থ দফতর।

তাই নির্ধারিত সময়ের মধ্যে কার্ড জমা এবং প্রয়োজনীয় নথি পেশ করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সংশ্লিষ্ট সরকারি কর্মী ও পেনশনভোগীদের।

Leave a comment