শান্তিপুর ও কৃষ্ণনগরের মধ্যে বিশেষ EMU লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই পরিষেবা। আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলক ভাবে ট্রেনটি চালানো হবে। একই সঙ্গে এই রুটের দু’টি লোকালের সময়ও বদলানো হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থেকে কৃষ্ণনগরগামী বিশেষ লোকালটি সকাল ৯টা ৩৪ মিনিটে ছাড়বে। সকাল ৯টা ৫১ মিনিটে দিগনগর স্টেশনে পৌঁছে ট্রেনটি কৃষ্ণনগর পৌঁছবে সকাল ১০টা ১১ মিনিটে।

ফেরার পথে কৃষ্ণনগর থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছাড়বে বিশেষ ট্রেনটি। সকাল ১০টা ৩৮ মিনিটে দিগনগর স্টেশনে পৌঁছে সকাল ১০টা ৫৭ মিনিটে শান্তিপুরে পৌঁছবে সেটি।

বিশেষ ট্রেন চালুর পাশাপাশি ৩১৫৮৬ নম্বর কৃষ্ণনগর-শান্তিপুর EMU লোকালের সময়ও বদলেছে। আগে ট্রেনটি সকাল ৯টা ২৫ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়ত। নতুন সূচি অনুযায়ী, এবার সকাল ৮টা ৪৭ মিনিটে ছাড়বে ট্রেনটি। শান্তিপুরে পৌঁছবে সকাল ৯টা ২৪ মিনিটে। আগে ট্রেনটির পৌঁছনোর সময় ছিল সকাল ১০টা ২ মিনিট।

৩১৭৮৪ নম্বর শান্তিপুর-রানাঘাট EMU লোকালের সময়ও পরিবর্তন করা হয়েছে। আগে সকাল ১০টা ৪৬ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ত ট্রেনটি। এবার ছাড়বে সকাল ১১টায়। রানাঘাট স্টেশনে পৌঁছবে সকাল ১১টা ২৮ মিনিটে। আগে এই ট্রেনটি রানাঘাটে পৌঁছত সকাল ১১টা ১২ মিনিটে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে শান্তিপুর, দিগনগর ও কৃষ্ণনগরের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

বিশেষ ট্রেনের সময়ের পাশাপাশি দু’টি লোকালের নতুন সূচিও যাত্রীদের জেনে রাখা দরকার। বিশেষ করে যাঁরা প্রতিদিন এই রুটে যাতায়াত করেন, তাঁদের ট্রেন ধরতে বেরনোর আগে সময় মিলিয়ে নেওয়া উচিত।

Leave a comment