রাস্তা তৈরির কাজ করতে গিয়েই প্রাণ গেল আট শ্রমিকের। ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্র। আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় আটজনের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি রাজস্থানের ঝুনঝুনু জেলার ছাপোলি গ্রামের কদম কুন্ড এলাকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ওই এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল। নির্মাণকাজে একটি যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। কাজ চলার সময় আচমকাই যন্ত্রটির উপরের অংশ ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন সেখানে কর্মরত শ্রমিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আটজনের। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সাহায্য করেন। কীভাবে নির্মাণযন্ত্রটি বিদ্যুতের তারের সংস্পর্শে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঝুনঝুনুর জেলা কালেক্টর অরুণ গর্গ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে যাওয়ার ব্যবস্থা করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারাই রাস্তা তৈরির কাজ করছিলেন। সেই সময় কাজে ব্যবহৃত যন্ত্রটি উপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে লেগে যায়। আহতদের চিকিৎসা চলছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। মৃতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। শোক জানিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটও।
একসঙ্গে আট শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment