ইউনেসকোর নাম নিয়ে ভুয়ো পুজোর পাস বিক্রির নামে বিপুল টাকার দুর্নীতি! সেই মামলার তদন্তেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দাকে মুখোমুখি জেরা করা হয়। সেই সময়েই তর্কবিতর্ক শুরু হয় ইন্দ্রনীল ও মধুছন্দার মধ্যে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, জেরার সময়ে মধুছন্দা দাবি করেছেন, ইন্দ্রনীলকে এভাবে টাকা তুলতে তিনি বারণ করেছিলেন। কিন্তু মধুছন্দার বারণকে গ্রাহ্য করেননি ইন্দ্রনীল। এ নিয়েই মুখোমুখি জেরার সময়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে যায়।
সম্প্রতি লালবাজারের ‘সিট’ ইন্দ্রনীল সেন ও মধুছন্দাকে মুখোমুখি জেরা করে। এখনও পর্যন্ত ২দিন মধুছন্দাকে জেরা করা হয়েছে। জানা গিয়েছে, ইন্দ্রনীল সেনের সংস্থা ‘মাস আর্ট’-এর প্রেসিডেন্ট পদে আছেন মধুছন্দা। পুলিশ মনে করছে, প্রেসিডেন্ট হিসেবে সমস্ত দুর্নীতির বিষয়ে অবগত ছিলেন স্ত্রী মধুছন্দা। অতএব এই মামলা নিয়ে আবার ইন্দ্রনীল জায়াকে জেরা করতে পারেন তদন্তকারীরা।
এখনও পর্যন্ত ইন্দ্রনীলের স্ত্রী-সহ ৯ জনকে গোয়েন্দারা লালবাজারে জেরা করেছেন। মঙ্গলবার ইন্দ্রনীল কন্যা আভেরি সেনকেও তলব করে লালবাজার। কিন্তু তিনি অসুস্থ জানিয়ে এদিন হাজিরা এড়িয়েছেন ইন্দ্রনীল কন্যা। বুধবার ফের তাঁকে তলব করেছে লালবাজার। তবে বুধবার তিনি হাজিরা এড়ালে তদন্তকারীদের তরফে নোটিস পাঠানো হবে বলেও জানা গিয়েছে।
পুলিশের দাবি, ইন্দ্রনীল সেন গানের শো থেকে বিপুল টাকা রোজগার করেছেন, এমন দাবি করলেও এখনও তার প্রমাণ কিছু মেলেনি। তাই যেহেতু এই বিপুল টাকার হিসেব তিনি দেখাতে পারেননি তাই এই মামলায় ‘মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার’ বা এমপিও-র ২ ও ৯ নং ধারা লাগুর জন্য আবেদন জানাচ্ছে লালবাজার। ব্যাঙ্কশাল আদালতে লাললবাজারের তরফ থেকে আবেদন করা হবে বলে জানা গিয়েছে। এমনকী বেআইনি উপায়ে সম্পত্তি ও অর্থ অর্জনের অভিযোগকেও এই ধারায় যুক্ত কিরা হতে পারে। পাশাপাশি দুর্নীতি দমন আইন লাগুর ব্যাপারেই ভাবনাচিন্তা করা হচ্ছে।
উল্লেখ্য, শুধু পুজোর পাস বিক্রিই নয় পর্যটন টেন্ডার নিয়ে বিপুল টাকার দুর্নীতির হদিশ মিলছে। ইন্দ্রনীলের ঘনিষ্ঠ ৩টি সংস্থা লালবাজারের তদন্তকারীদের র্যাডারে রয়েছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই পর্যটন দফতরের কাছে এই সংক্রান্ত নথি চেয়ে আবেদন করা হয়েছে। এই কারণেই ‘সিট’-এর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। ৫জনের পরিবর্তে ৯জন সদস্য করা হয়েছে। জালিয়াতি দমন শাখা, ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার আধিকারিকদেরও ‘সিট’-এ যুক্ত করা হয়েছে।

Leave a comment