অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারের একটি তৃণমূল পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। বুধবার সকালে সরিষার ওই পার্টি অফিসে অভিযান চালায় পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশির পর একটি আলমারির ভিতরে রাখা ব্যাগ থেকে উদ্ধার হয় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। কী কারণে পার্টি অফিসে এত টাকা রাখা হয়েছিল, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা এখনও মেলেনি।
শালবনিতে জমি দুর্নীতির অভিযোগে কালীঘাটের বাড়ি থেকে সুমিত রায়কে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, সরকারি জমি কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছিল। পরে ডায়মন্ড হারবারের কালিতলা আশুতি থানাতেও তাঁর বিরুদ্ধে মাটি চুরির অভিযোগে মামলা দায়ের হয়। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগের ভিত্তিতে ওই মামলা রুজু হয়েছিল। সেই মামলাতেই সুমিতকে নিজেদের হেফাজতে নেয় জেলা পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য হাতে আসে তদন্তকারীদের।
পুলিশের দাবি, জেরায় পাওয়া সূত্র ধরেই বুধবার সকালে সরিষার তৃণমূল কার্যালয়ে পৌঁছন তদন্তকারীরা। সেখানে একটি আলমারির মধ্যে ব্যাগে ভর্তি নগদ টাকা দেখতে পান তাঁরা। অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অভিষেক মজুমদার জানিয়েছেন, কালিতলা আশুতি থানার মামলায় সুমিত রায় বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই একটি বিশেষ রাজনৈতিক দলের কার্যালয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। টাকার উৎস এবং কীভাবে তা সেখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a comment