বাংলার উচ্চশিক্ষায় এবার পড়ানো হতে পারে চাণক্য নীতি, প্রাচীন গণিতশাস্ত্রের মতো বিষয়। জাতীয় শিক্ষানীতি মেনে রাজ্যে উচ্চশিক্ষার পাঠ্যক্রম তৈরির জন্য ইতিমধ্যেই একটি টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। ‘এক দেশ, এক শিক্ষা’ নীতি কার্যকর করতে দফায় দফায় বৈঠক করেছেন কমিটির সদস্যরা। সেখানেই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের অন্তর্ভুক্ত বিষয়গুলিকে উচ্চশিক্ষায় জায়গা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
অধ্যাপক এম জগদীশের নেতৃত্বে তৈরি হয়েছে এই টাস্ক ফোর্স। তিনি ইউজিসি-র প্রাক্তন চেয়ারম্যান। কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নিজস্ব কাঠামো রয়েছে। আইআইটি-র পড়ুয়াদেরও এই বিষয়ে পড়ানো হচ্ছে। টাস্ক ফোর্সের সদস্য তথা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল বলেন, “ভারতীয় নলেজ সিস্টেমে জায়গা রয়েছে চাণক্যের অর্থশাস্ত্রের। এর সঙ্গে গণিতশাস্ত্রেরও নিবিড় যোগ রয়েছে। টাস্ক ফোর্সের গাইডলাইন মেনে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হবে।”
কীভাবে এই বিষয়গুলি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে আনা হবে? কল্লোল পাল জানিয়েছেন, প্রাচীন গণিতশাস্ত্র ও চাণক্য নীতি নিয়ে আলাদা কোর্স চালু করা যেতে পারে। আবার বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সিলেবাসের মধ্যেও নতুন বিষয় হিসেবে এগুলি যুক্ত করার প্রস্তাব রয়েছে। তবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা ঠিক করবে টাস্ক ফোর্স।

Leave a comment