মাটির তলায় থাকা ব্রিটিশ আমলের পাইপলাইনে ফাটল। আর তার জেরেই কার্যত বিপর্যস্ত উত্তর কলকাতার টালা ও সংলগ্ন এলাকা। সোমবার সকাল থেকে জলমগ্ন বিস্তীর্ণ অংশ। শুধু রাস্তাঘাট নয়, কলকাতা স্টেশনেও জমেছে জল। এর প্রভাব পড়েছে কলকাতা ও বৃহত্তর কলকাতার জল সরবরাহে। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ। কিন্তু তাতেও দ্রুত মিলছে না সমাধান। পুরসভা সূত্রে খবর, জল ও বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে। অর্থাৎ, আগামী দু’দিনও দুর্ভোগ পোহাতে হতে পারে শহরবাসীকে।

সোমবার সকালে টালায় ৭২ ইঞ্চির পাইপ ফেটে হঠাৎই বিপত্তি ঘটে। পাইপ থেকে বেরিয়ে আসা জলে দ্রুত ভেসে যায় আশপাশের এলাকা। রাস্তায় জল জমে এমন পরিস্থিতি তৈরি হয় যে সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়ে। টালা ট্যাঙ্কের উপর নির্ভরশীল কলকাতা ও বৃহত্তর কলকাতার বিস্তীর্ণ অংশের জল সরবরাহ। ফলে এই পাইপ ফাটার ঘটনায় পানীয় জল পরিষেবা নিয়ে আশঙ্কা তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। তাঁর উপস্থিতিতে শুরু হয় মেরামতির কাজ। কিন্তু পাইপলাইনের পাশাপাশি নিকাশি ব্যবস্থার জটিলতা কাজের গতি কমিয়ে দেয়।

সমস্যার আরও একটি দিক হল, ওই এলাকার একটা বড় অংশ রেলের অধীন। ফলে জমা জল বের করার কাজে রেলের সহযোগিতা প্রয়োজন। এই নিয়ে পুরসভা ও রেল কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পর মেরামতির কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে মঙ্গলবার সকালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তার উপর পরিষেবা স্বাভাবিক হতে আরও দু’দিন লাগার খবরে উদ্বেগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের। জল সংরক্ষণের সুযোগও সীমিত। ফলে দৈনন্দিন প্রয়োজন মেটানো নিয়েই চিন্তা বাড়ছে।

এদিকে জলমগ্ন কলকাতা স্টেশনের জেরে বিপর্যস্ত চক্ররেল পরিষেবাও। রেললাইনে জমা জল সরাতে শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা কাজ করবেন। সেই কারণে মঙ্গলবার টালা রুটে পাঁচটি লোকাল বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি বদল করা হয়েছে রুটও। গেদে-মাঝেরহাট, হাবড়া-মাঝেরহাট এবং মাঝেরহাট-রানাঘাট লোকাল বিকল্প পথে চলবে। সব মিলিয়ে একটি পাইপ ফাটার ঘটনায় জল সরবরাহ, বিদ্যুৎ এবং রেল পরিষেবা—তিন ক্ষেত্রেই চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। এখন একটাই অপেক্ষা, কবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়।

Leave a comment