কালীপুজোর রাতে বাজির শব্দে সরগরম ছিল মেদিনীপুর শহর। তবে উৎসবের পর বাতাসের হাল দেখে চিন্তা বাড়ছে। শহরের বিভিন্ন এলাকায় বেড়েছে দূষণের মাত্রা। সবচেয়ে বেশি বেড়েছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সূক্ষ্ম ধূলিকণা পিএম ২.৫। এক রাতের ব্যবধানে এর গড় ঘনত্ব প্রায় ৭৩ শতাংশ বেড়েছে। পিএম ১ এবং পিএম ১০-এর মাত্রাও বেড়েছে যথাক্রমে ৮৩ ও ৬৮ শতাংশ। রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজের (স্বশাসিত) ভূগোল বিভাগের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

শিক্ষক প্রভাতকুমার শীটের নেতৃত্বে ৭ ও ৮ নভেম্বর রাতে মেদিনীপুর শহরের ২০টি জায়গায় বায়ুর গুণমান পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, প্রতিটি এলাকাতেই আগের দিনের তুলনায় দূষণের মাত্রা বেড়েছে।

সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী, পিএম ২.৫-এর গড় ঘনত্ব ১৭৮ থেকে বেড়ে হয়েছে ৩০৮। পিএম ১-এর মাত্রা ১২৯ থেকে বেড়ে ২৩৬ হয়েছে। অন্যদিকে, পিএম ১০-এর পরিমাণ ২১৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯।

এলাকাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দূষণ ধরা পড়েছে শরৎপল্লিতে। সেখানে পিএম ১-এর মাত্রা ৩৬৩, পিএম ২.৫-এর ৪৭৮ এবং পিএম ১০-এর পরিমাণ ৫৫৪। নতুনবাজার, পালবাড়ি, মেদিনীপুর কলেজের খেলার মাঠ, জর্জকোর্ট ও অরবিন্দনগরেও দূষণের মাত্রা বেড়েছে। গোলকুঁয়াচকে তুলনায় কম দূষণ মিললেও আগের দিনের চেয়ে সেখানে পরিস্থিতির অবনতি হয়েছে।

একিউআই বা বায়ুর গুণমান সূচকেও তার ছাপ স্পষ্ট। শনিবার রাতে ২০টি এলাকার গড় সূচক ছিল প্রায় ৭৭। রবিবার রাতে তা বেড়ে হয়েছে ৯৭। কয়েকটি এলাকায় একিউআই ১০০ ছুঁয়েছে।

পিএম ২.৫ নিয়ে উদ্বেগের কারণ, এই কণাগুলি এতটাই ছোট যে শ্বাসের সঙ্গে ফুসফুসের অনেক গভীরে পৌঁছে যায়। এর ফলে কাশি, গলায় জ্বালা ও শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। শিশু, বয়স্ক এবং হাঁপানির রোগীদের ক্ষেত্রে বিপদের আশঙ্কা বেশি। সাপবাজি, লঙ্কাফটকা-সহ বিভিন্ন আতশবাজি থেকেও বাতাসে ছড়ায় এই সূক্ষ্ম ধূলিকণা।

সমীক্ষার নেতৃত্বে থাকা প্রভাতকুমার শীট জানান, কালীপুজোর আগে পুলিশ-প্রশাসন ও বিভিন্ন সংগঠনের তরফে সচেতনতা প্রচার করা হয়েছিল। তার পরেও দূষণের মাত্রা এতটা বেড়েছে। তাঁর কথায়, মানুষকে আরও সচেতন হতে হবে। না হলে দূষণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

Leave a comment