কালীপুজোর বাজি থেকে আগুন লাগল তিনতলা বাড়ির ছাদে। সেখানে প্লাস্টিকের নানা সামগ্রী মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। সোমবার রাতে শিলিগুড়ি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার হরিজন বস্তির এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে আগুন নেভানোর কাজ।

স্থানীয়দের দাবি, কালীপুজোর রাতে এলাকায় বাজি পোড়ানো চলছিল। সেই সময় একটি বাজির জ্বলন্ত ফুলকি উড়ে এসে পড়ে ওই বাড়ির ছাদে। সেখান থেকেই আগুন লাগে বলে অনুমান প্রত্যক্ষদর্শীদের। ছাদে প্রচুর প্লাস্টিকের সামগ্রী রাখা থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির উপর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তবে পুজো দেখতে আসা মানুষের ভিড়ে এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছিল। সেই কারণে দমকলের গাড়ি পৌঁছতেও সমস্যা হয়। শেষ পর্যন্ত কর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের পর ওই বাড়ির ছাদে গোডাউন চালানো নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনতলা বাড়িটির ছাদে গোডাউনের মতো পরিকাঠামো তৈরি করে ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে স্থানীয় এক ব্যবসায়ী প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী রাখতেন। অথচ আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। আবাসিক বাড়ির ছাদে এভাবে দাহ্য সামগ্রী মজুত রাখার অনুমতি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। গোডাউন তৈরির অনুমতি ছিল কি না, সেখানে অগ্নিনিরাপত্তার নিয়ম মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুন লাগল, সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন আধিকারিকরা।

Leave a comment