চোরবাগানের পুজোয় বিপুল ভিড় সামলানোর দায়িত্ব যাঁদের হাতে ছিল, তাঁদেরই ছিল না প্রয়োজনীয় অভিজ্ঞতা। কেউ পেশাদার নিরাপত্তারক্ষী নন, কারও ভিড় নিয়ন্ত্রণের প্রশিক্ষণও ছিল না। এমনকী, এর আগে কোনও পুজোয় নিরাপত্তার দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও ছিল না তাঁদের। প্রায় ৬০ জন এমন অনভিজ্ঞ ব্যক্তিকে দিয়েই দর্শনার্থীদের ভিড় সামলানোর ব্যবস্থা করেছিলেন পুজো উদ্যোক্তারা। চোরবাগানকাণ্ডের তদন্তে নেমে এমনই তথ্য পেয়েছে লালবাজারের বিশেষ তদন্তকারী দল।
মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই প্রায় ১০০ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তাঁদের মধ্যে রয়েছেন ৬০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী এবং ৪০ জন পুলিশকর্মী ও আধিকারিক। তাঁদের বয়ান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। মণ্ডপের প্রস্থান গেট এবং বাইরে থাকা লোহার গেটের মাঝখানে প্রায় ২০ ফুটের অংশে কোনও নিরাপত্তারক্ষী বা পুলিশকর্মী মোতায়েন ছিলেন না। তদন্তকারীদের অনুমান, বিপর্যয়ের নেপথ্যে এই ব্যবস্থাপনাগত ত্রুটিগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকতে পারে।
তদন্তে জানা গিয়েছে, দু’জন ব্যক্তির মাধ্যমে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করেছিলেন চোরবাগানের পুজো উদ্যোক্তারা। ওই দুই ব্যক্তি যৌথভাবে একটি সংস্থা চালান। এর আগেও ওই সংস্থার মাধ্যমেই পুজোর নিরাপত্তারক্ষী নেওয়া হয়েছিল। এবারও পুজোর আগে গিরিশ পার্ক, জোড়াসাঁকো-সহ মধ্য কলকাতার বিভিন্ন এলাকা থেকে লোক জোগাড় করেন তাঁরা।
জিজ্ঞাসাবাদের সময় নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, তাঁদের অনেকেই অন্য পেশার সঙ্গে যুক্ত। পুজোর মরশুমে বাড়তি কিছু উপার্জনের সুযোগ দিয়েই তাঁদের কাজে লাগানো হয়েছিল। কিন্তু কীভাবে বিপুল দর্শনার্থীর ভিড় নিয়ন্ত্রণ করতে হবে, সে বিষয়ে কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি। তাঁদের শুধু বলা হয়েছিল, মণ্ডপের ভিতরে দাঁড়িয়ে থাকতে হবে। দর্শনার্থীরা যাতে সারিবদ্ধভাবে প্রতিমা দর্শন করেন, ছবি বা সেলফি তোলার জন্য দীর্ঘক্ষণ আটকে না থাকেন এবং দ্রুত বেরিয়ে যান, তা নিশ্চিত করতে হবে।
তবে ভিড়ের চাপে কেউ বেরোতে না চাইলে কী ব্যবস্থা নিতে হবে, সেই বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি বলেই দাবি নিরাপত্তারক্ষীদের। অন্যদিকে, মণ্ডপের ভিতরে এবং লোহার গেটের বাইরে পুলিশ ও নিরাপত্তারক্ষী থাকলেও মাঝের প্রায় ২০ ফুট অংশ কার্যত নজরদারির বাইরে ছিল। বিপর্যয়ের আগে বৃষ্টির কারণে বহু দর্শনার্থী বাইরে বেরোতে চাইছিলেন না। সেই সময় প্রবেশপথ দিয়েও অতিরিক্ত দর্শনার্থী মণ্ডপে ঢুকতে থাকেন। এই পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা না থাকাই বিপর্যয়কে আরও ভয়াবহ করে তুলেছিল কি না, তা খতিয়ে দেখছেন লালবাজারের তদন্তকারীরা।

Leave a comment