দিওয়ালিতে বাজি পোড়ানোর পর থেকেই দেশের একাধিক শহরের বায়ুদূষণ নিয়ে উদ্বেগ বাড়ছিল। এবার সেই আশঙ্কার ছবিই আরও স্পষ্ট হল সাম্প্রতিক পরিসংখ্যানে। বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের ৪৯টি শহর। বাতাসের গুণমানের নিরিখে একাধিক শহরের পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানকার একিউআই পৌঁছে গিয়েছে ৪০০-র উপরে। অর্থাৎ ‘খুব খারাপ’ থেকে ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে বায়ুর মান।
মঙ্গলবার সকাল ৯টা ৫৪ মিনিটের পরিসংখ্যান অনুযায়ী, তালিকার একেবারে শীর্ষে রয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগর। সেখানে একিউআইয়ের মাত্রা ৮২১। দ্বিতীয় স্থানে পাঞ্জাবের ভাটিণ্ডা, একিউআই ৬২৯। তৃতীয় স্থানে হরিয়ানার সির্সা (৫৪৪)। এছাড়া হিসার (৫১৬) এবং ফরিদকোট (৫০৬) রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের একাধিক শহরে দূষণের মাত্রা উদ্বেগজনক।
দিল্লির ছবিও স্বস্তিদায়ক নয়। তবে তালিকার প্রথম দিকের শহরগুলির তুলনায় পরিস্থিতি কিছুটা ভালো। রাজধানীর একিউআই ৩৯৩। বিশ্বের দূষিততম শহরগুলির তালিকায় দিল্লির স্থান ২৪। শুধু রাজধানী বা তার লাগোয়া অঞ্চল নয়, লুধিয়ানা, পাটিয়ালা, বুদৌন, জৌনপুর এবং গোরক্ষপুরের মতো দূরের শহরগুলিতেও দূষণের প্রকোপ দেখা যাচ্ছে। অর্থাৎ বায়ুদূষণের সমস্যা যে নির্দিষ্ট কয়েকটি শহরের মধ্যে সীমাবদ্ধ নেই, তা স্পষ্ট।
উল্লেখযোগ্য বিষয়, ভারতের বাইরে এই তালিকায় জায়গা পেয়েছে শুধু পাকিস্তানের লাহোর। ৪৩০ একিউআই নিয়ে শহরটির অবস্থান ১৪ নম্বরে। ফলে বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৪৯টিই ভারতের হওয়ায় দেশের সামগ্রিক বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
এদিকে দূষণ ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। দিল্লির মন্ত্রী তথা বিজেপি নেতা কপিল মিশ্রর অভিযোগ, পাঞ্জাবে ইচ্ছাকৃতভাবে ফসলের গোড়া পোড়ানো হচ্ছে। তাঁর দাবি, এর জেরেই দূষণের মাত্রা বাড়ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আম আদমি পার্টি। তবে রাজনৈতিক তরজার বাইরে উঠে আসা পরিসংখ্যান যে দেশের বায়ুদূষণের ভয়াবহ ছবিই তুলে ধরছে, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই।

Leave a comment