ধর্ষণ-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিদেশে পালানোর পরিকল্পনায় মদত দেওয়ার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। বিধায়কের গতিবিধি সম্পর্কে পুলিশি তথ্য আগাম তাঁর কাছে পৌঁছে দেওয়ার অভিযোগে বিকাশ সাহানিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের অনুমান, পুলিশের তল্লাশি এবং গ্রেফতারির সম্ভাবনা আঁচ করেই দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন পরেশরাম। এই ঘটনায় ধৃত দু’জনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, বিকাশ সাহানি রাজ্যের গোয়েন্দা বিভাগ ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-তে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন। সেই সুবাদে বিভিন্ন থানা এবং পুলিশের একাধিক গোপন তথ্য তাঁর হাতে আসত বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, সেই তথ্যই গোপনে পরেশরামের কাছে পৌঁছে দিতেন বিকাশ। পুলিশের গতিবিধি সম্পর্কে আগাম খবর পেয়ে সেই মতো নিজের পরিকল্পনা সাজাতেন বিধায়ক, এমনটাই অনুমান তদন্তকারীদের। গ্রেফতারির আশঙ্কার খবর পেয়েই মুম্বই হয়ে বিদেশে পালানোর ছক কষেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই গোটা পরিকল্পনায় বিকাশের ভূমিকা কী ছিল, তা জানতে তাঁকে একাধিকবার জেরা করা হচ্ছে।

উল্লেখ্য, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো একাধিক ধারায় মামলা রয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে দু’বার তলব করেছিল সিআইডি। একবার হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছিলেন তিনি। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই আচমকা তাঁর খোঁজ মিলছিল না। ক্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে চার তৃণমূল নেতাকে গ্রেফতার করলেও বিধায়কের নাগাল পায়নি পুলিশ।

এরপর গোপন সূত্রে খবর আসে, তদন্ত এড়াতে কলকাতা থেকে মুম্বই পালানোর চেষ্টা করছেন পরেশরাম। সেই খবরের ভিত্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি শুরু করে এসওজি। বিধাননগর পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর ব্যাগে একাধিক মোবাইল ফোনের পাশাপাশি লক্ষ লক্ষ টাকা নগদ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই টাকা এবং মোবাইল ফোনগুলির উৎস ও ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a comment