অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে অশান্তির ঘটনায় এবার তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ। এতদিন কালীঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত করলেও এবার থেকে দায়িত্ব সামলাবেন গোয়েন্দারা। পাশাপাশি ধৃত তিনজনকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করল পুলিশ। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে চলে এই প্রক্রিয়া।
গত শুক্রবার মধ্যরাতে অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট এলাকা। অভিযোগ, সেই সময় পটুয়াপাড়ার একাধিক মৃৎশিল্পীর কাজের জায়গায় ভাঙচুর চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি প্রতিমা এবং শিল্পকর্ম তৈরির সরঞ্জাম। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কিন্তু গোলমাল থামাতে গিয়ে উলটে পুলিশেরই হেনস্তার মুখে পড়তে হয় বলে অভিযোগ। কর্তব্যরত পুলিশকর্মীকে চড় মারার অভিযোগও ওঠে।
এই ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে দুটি স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কালীঘাট তৃণমূলের দাবি, ধৃত তিনজনই দলের কর্মী। তাঁদের জিজ্ঞাসাবাদ করে অশান্তির ঘটনায় আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এরই মধ্যে মঙ্গলবার সকালে তিন অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। তাঁদের উপস্থিতিতে শুক্রবার রাতের ঘটনার পুনর্নির্মাণ করা হয়।
অন্যদিকে, এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কারও নাম না করেই তিনি স্পষ্ট জানান, পুলিশের উপর হামলা, হুমকি কিংবা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কাউকে ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর কথায়, পুলিশকে চড় মারা, মারতে যাওয়া কিংবা চোখ রাঙিয়ে হুমকি দেওয়ার মতো ঘটনায় উপযুক্ত ধারায় মামলা করতে হবে।
তিনি আরও জানান, ঘটনায় আহত পুলিশকর্মীদের শারীরিক পরীক্ষা করানো হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার ভিডিও খতিয়ে দেখে ইতিমধ্যেই প্রয়োজনীয় মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় চার্জশিট পেশের পাশাপাশি কাস্টডি ট্রায়ালও হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে কালীঘাটের অশান্তির ঘটনায় তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও আরও জোরদার হতে চলেছে।

Leave a comment