প্রথম স্বামীর সঙ্গে ফের যোগাযোগ হয়েছিল কেতকী হালদারের। ফোনেও কথা হত দু’জনের। এর মধ্যেই নিজের দু’বছরের ছেলেকে খুনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের উত্তর দুর্গাপুরের এই ঘটনায় গ্রেফতার হয়েছেন কেতকী। অভিযোগ, নিজের ১২ বছরের বড় ছেলের সামনেই ছোট ছেলে রক্তিমের গলা টিপে ধরেন তিনি। শিশুটির মৃত্যুর পর দেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনাও করেছিলেন বলে অভিযোগ। কিন্তু মায়ের কথামতো চুপ করে থাকেনি কিশোর। পরিবারের লোকজনকে সব জানিয়ে দেয় সে। তার পরেই বিষয়টি জানাজানি হয়।
সোমবার রাতে ঘটনাটি ঘটে। মৃত শিশুর বাবা রমেশ হালদারের অভিযোগের ভিত্তিতে কেতকীকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে পেশ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রমেশ ও কেতকী দু’জনেরই আগে বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ১২ বছরের ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান কেতকী। পরে রমেশের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। রমেশও প্রথম স্ত্রীকে ছেড়ে কেতকী ও তাঁর ছেলেকে নিয়ে সংসার পাতেন। সেই সংসারেই জন্ম রক্তিমের।
অভিযোগ, সোমবার রাতে বড় ছেলের সামনেই ছোট ছেলেকে গলা টিপে খুন করেন কেতকী। এরপর দেহ পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা করেন। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য বড় ছেলেকে বলেছিলেন তিনি। কিন্তু ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা চেপে রাখতে পারেনি কিশোর। পরিবারের সদস্যদের কাছে সব খুলে বলে সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে।
কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্প্রতি প্রথম পক্ষের স্বামীর সঙ্গে ফের যোগাযোগ হয়েছিল কেতকীর। দু’জনের মধ্যে ফোনে কথাবার্তাও চলছিল। তাহলে কি আগের সংসারে ফিরে যাওয়ার কথা ভাবছিলেন তিনি? সেই কারণেই কি দ্বিতীয় পক্ষের সন্তানকে সরিয়ে দেওয়ার চেষ্টা? এই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কেতকীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পিছনের কারণ জানার চেষ্টা চলছে। কালীপুজোর মরশুমে এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে উত্তর দুর্গাপুরে।

Leave a comment