স্টেশন চত্বরের যাত্রী পরিষেবায় বড় বদলের পথে হাওড়া। প্রায় ২৪ কোটি ৬৯ লক্ষ টাকা খরচ করে এবার নতুন করে সাজানো হবে হাওড়া স্টেশনের মেন সাবওয়ে এবং ফেরিঘাট সাবওয়ে। প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি পুর ও নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাইয়ের নেতৃত্বে জেলা প্রশাসনের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক, পুরসভার কমিশনার, রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, কেএমডিএ-র সিইও-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৩৫০ মিটার দীর্ঘ মেন সাবওয়ে এবং ৫০ মিটার দীর্ঘ ফেরিঘাট সাবওয়ের পরিকাঠামো আমূল বদলে ফেলা হবে। হাওড়া স্টেশন, মেট্রো, বাস এবং ফেরিঘাটের মধ্যে যাত্রীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই পথকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তোলাই লক্ষ্য।

সংস্কারের পর দুই সাবওয়ের মেঝে ও দেওয়ালে গ্রানাইট বসানো হবে। ছাদে লাগানো হবে পিভিসি প্যানেল। পাশাপাশি নতুন আলোর ব্যবস্থা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পথনির্দেশিকা, ডাস্টবিন এবং জল নিষ্কাশনের পরিকাঠামো তৈরি করা হবে।

সাবওয়ের প্রবেশ ও বাহিরপথে তৈরি হবে ইস্পাত ও কাচের ছাউনি। বিশেষভাবে সক্ষম যাত্রীদের সুবিধার জন্য বসানো হবে হাতল। দেওয়ালে ওয়াল আর্টের পাশাপাশি গুরুত্বপূর্ণ ঘোষণা শোনানোর ব্যবস্থাও থাকবে।

নিরাপত্তার দিকটিও গুরুত্ব পাচ্ছে। সাবওয়ের ভিতরে ফায়ার ও স্মোক অ্যালার্ম, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং সিসিটিভি বসানোর পরিকল্পনা রয়েছে। ৬ ও ৯ নম্বর গেট এবং ফেরিঘাট সাবওয়ে মিলিয়ে মোট চারটি এসকেলেটর বসানো হবে।

বর্ষায় জল জমার সমস্যা মোকাবিলায় উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পও বসানো হবে। ফলে সংস্কারের কাজ শেষ হলে যাত্রীদের চলাচল আরও স্বচ্ছন্দ হওয়ার পাশাপাশি হাওড়া স্টেশনের সামগ্রিক পরিকাঠামোও নতুন রূপ পাবে।

Leave a comment