সপ্তমীর সকাল পুজোর আমেজে চারপাশ তখন জমজমাট। সকালেই সেজেগুজে বেরিয়ে পড়ার পরিকল্পনা থাকে অনেকের। দিনের একটা বড় সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে হবে, মাঝে বন্ধুদের সঙ্গে ছবি, আড্ডা, খাওয়াদাওয়া সবই চলবে। তাই বাড়ি থেকে বেরোনোর আগে মেকআপটা একটু বুঝেশুনে করাই ভালো। বিশেষ করে লিপস্টিকের ক্ষেত্রে।
লিকুইড লিপস্টিকের ব্যবহার এখন বেশ বেড়েছে। ঠোঁটে লাগানোর পর সুন্দর ফিনিশ পাওয়া যায়, অনেক শেডেই ভালো পিগমেন্টেশন থাকে। কিন্তু ব্যবহার ঠিক না হলে কয়েক ঘণ্টার মধ্যেই সেই সুন্দর লুক বদলে যেতে পারে। কোথাও রং উঠে যাচ্ছে, কোথাও আবার জমে থাকছে বেশি প্রোডাক্ট। এমনকী ঠোঁটের চারপাশেও ছড়িয়ে যেতে পারে। তাই লিকুইড লিপস্টিক লাগানোর আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন।
লিপস্টিক লাগানোর আগে ঠোঁটের অবস্থা দেখে নেওয়া দরকার। ঠোঁট খুব শুকনো বা ফাটা থাকলে লিকুইড লিপস্টিক মসৃণভাবে বসবে না। শুকনো অংশে রং আটকে গিয়ে ঠোঁটকে আরও খসখসে দেখাতে পারে। তাই আগে লিপ বাম ব্যবহার করে ঠোঁট ময়েশ্চারাইজ করুন। কিছুক্ষণ পর বাড়তি বাম মুছে নিয়ে লিপস্টিক লাগানো ভালো।
লিকুইড লিপস্টিকের সঙ্গে লিপ লাইনার ব্যবহার করার প্রয়োজন নেই এমন ধারণা অনেকের। আসলে ঠোঁটের বর্ডার স্পষ্ট করতে লাইনার বেশ কাজে দেয়। আগে ঠোঁটের চারপাশে লাইনার দিয়ে আউটলাইন করে নিলে লিপস্টিক লাগানোও সহজ হয়। বিশেষ করে গাঢ় শেড ব্যবহার করলে ঠোঁটের বাইরে রং ছড়িয়ে পড়ার আশঙ্কা কমাতে এটি সাহায্য করতে পারে।
রং একটু হালকা মনে হলেই তার উপর আবার লিপস্টিক লাগানো শুরু করবেন না। লিকুইড লিপস্টিকের ক্ষেত্রে বেশি প্রোডাক্ট জমে গেলে ঠোঁট ভারী দেখাতে পারে। কোথাও আবার দলা পাকানোর মতোও লাগতে পারে। তাই প্রথমে পাতলা করে একটি কোট দিন। সেটি শুকিয়ে যাওয়ার পর প্রয়োজন বুঝে দ্বিতীয় কোট লাগাতে পারেন।
পুজোর দিন প্রথমবার লিকুইড লিপস্টিক ব্যবহার করা ঠিক হবে না। নতুন প্রোডাক্ট ঠোঁটে কেমন বসছে, শুকোতে কতটা সময় নিচ্ছে কিংবা পরে অস্বস্তি হচ্ছে কি না এসব আগে জানা দরকার। বাড়িতে সময় নিয়ে ব্যবহার করে দেখে নিলে পুজোর দিন সাজতে গিয়ে তাড়াহুড়ো করতে হবে না।
বুলেট লিপস্টিক লাগানোর পর দুই ঠোঁট ঘষে নেওয়া স্বাভাবিক অভ্যাস। কিন্তু লিকুইড লিপস্টিকের ক্ষেত্রে এই কাজটি না করাই ভালো। এতে প্রোডাক্টের ফিনিশ নষ্ট হতে পারে এবং ঠোঁটের বাইরে রং ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। অ্যাপ্লিকেটর দিয়েই ধীরে ধীরে প্রয়োজনীয় জায়গায় লিপস্টিক ছড়িয়ে নিন।
লিকুইড লিপস্টিকের অ্যাপ্লিকেটরে অনেকটা প্রোডাক্ট উঠে এলে তা সরাসরি ঠোঁটে লাগিয়ে ফেলবেন না। প্রথমে নিচের ঠোঁটে অল্প করে লাগান। তারপর উপরের ঠোঁটে ব্যবহার করুন। প্রয়োজন হলে পরে সামান্য প্রোডাক্ট যোগ করা যাবে। এতে ঠোঁটে অতিরিক্ত লিপস্টিক জমে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।
সপ্তমীর দিন যতই ভালো লিপস্টিক ব্যবহার করুন না কেন, দীর্ঘক্ষণ বাইরে থাকলে খানিকটা পরিবর্তন আসতেই পারে। ঘাম, ধুলো, পানীয় বা খাবারের কারণে লিপস্টিক হালকা হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। তাই ব্যাগে লিপস্টিকটি রাখলে দরকারের সময় টাচ-আপ করে নিতে পারবেন।

Leave a comment