নেপালে বেড়াতে গিয়ে তুষারপাতের জেরে আটকে পড়লেন ছয় ভারতীয় পর্যটক। তাঁদের মধ্যে চারজন বাঙালি। সে ফোকসুন্দো ন্যাশনাল পার্কের ধো এলাকায় আটকে রয়েছেন তাঁরা। শনিবার রাতের পর থেকে আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। খবর পেয়ে উদ্ধারের তোড়জোড় শুরু করেছে নেপাল প্রশাসন।
দোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু ধাকাল জানিয়েছেন, সে ফোকসুন্দো গ্রামীণ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধো এলাকায় গিয়েছিলেন ওই পর্যটকরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০ মিটার উঁচুতে এই এলাকার অবস্থান। পর্যটকরা সেখানে পৌঁছনোর আগেই চারপাশ বরফে ঢেকে গিয়েছিল। পরে তুষারপাত আরও বাড়ায় সেখান থেকে ফেরার পথ বন্ধ হয়ে যায়।
প্রশাসন সূত্রে খবর, ধো এলাকায় যাওয়ার ব্যাপারে পর্যটকদের আগেই সতর্ক করেছিলেন নিরাপত্তাকর্মী ও স্থানীয় নেপালি গাইডরা। কিন্তু তাঁদের নিষেধ অগ্রাহ্য করেই সেখানে যান পর্যটকরা। জেলা আধিকারিকের দাবি, গাইডকে সঙ্গে না নিয়ে তুষারপাতের মধ্যেই হ্রদের দিকে এগিয়ে গিয়েছিলেন তাঁরা। শনিবার রাতে শেষবারের মতো যোগাযোগের পর থেকে আর তাঁদের খোঁজ পাওয়া যায়নি।
জুনু ধাকাল জানিয়েছেন, পর্যটকরা ঠিক কোথায় আটকে রয়েছেন, তা জানা গিয়েছে। তাঁদের উদ্ধারে সেনার হেলিকপ্টার পাঠানো হচ্ছে। আবহাওয়া অনুকূল না হলেও দ্রুত তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে প্রশাসন। তবে এখনও তাঁদের নিখোঁজ বলে ঘোষণা করা হয়নি।
আটকে পড়া পর্যটকদের নাম মৌমিতা হালদার, পিয়ালি কোলে, জজলা ত্রিবেদী কুমার, আদিত্য সিং, দীপলীনা বিশ্বাস ও রাজেশ দে। তাঁদের উদ্ধারের জন্য প্রশাসনের তরফে তৎপরতা চলছে।

Leave a comment