মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একাধিক জেলার নির্দিষ্ট এলাকার স্কুলে পড়ুয়াদের খাবার সরবরাহের দায়িত্ব ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে দেওয়া হয়েছিল। সেই অনুমোদন এবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। স্কুলশিক্ষা দফতরের যুগ্মসচিব তথা পিএম পোষণের ডিরেক্টর সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের লিখিত ভাবে এই নির্দেশ দিয়েছেন।

গত ২১ অগস্ট অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল। হাওড়া ও পুরুলিয়ার পাশাপাশি উত্তর ২৪ পরগনার বিধাননগর, দমদম, রাজারহাট-নিউ টাউন এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল এই ব্যবস্থার আওতায় ছিল। কিন্তু দায়িত্ব দেওয়ার এক মাসের মধ্যেই সেই অনুমোদন প্রত্যাহার করল রাজ্য। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে সরকারি ভাবে বিস্তারিত ব্যাখ্যা এখনও প্রকাশ্যে আসেনি। ফলে সংশ্লিষ্ট এলাকার স্কুলগুলিতে আগামী দিনে কীভাবে পড়ুয়াদের খাবার সরবরাহ করা হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এর আগে কলকাতার প্রায় ৫০০টি স্কুলে পিএম পোষণ প্রকল্পের খাবার সরবরাহের দায়িত্ব ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর হাতে দেওয়া হয়েছিল। খাবারের মেনু নিয়ে বিতর্ক তৈরি হলে পড়ুয়াদের জন্য আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থাও শুরু করা হয়।

মিড ডে মিল সরবরাহের দায়িত্ব নিয়ে এর আগে আইনি বিতর্কও হয়েছিল। ইসকনকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলার সময় ইসকনের তরফে দাবি করা হয়েছিল, পশ্চিমবঙ্গের কোনও এলাকায় মিড ডে মিল বিতরণের সঙ্গে ইসকন সরাসরি যুক্ত নয়। কলকাতায় খাবার সরবরাহ করে অন্নামৃত ফাউন্ডেশন এবং ওই সংস্থার পরিচালন কাঠামো ইসকনের থেকে আইনত পৃথক বলেও জানানো হয়েছিল।

অন্যদিকে, সরকার আগে জানিয়েছিল, অন্নামৃত ও অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে ইসকনের আওতাধীন সংস্থা হিসেবে বিবেচনা করেই দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই বিতর্কের আবহেই অক্ষয় পাত্রের অনুমোদন প্রত্যাহারের সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এসেছে।

Leave a comment