নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করার প্রক্রিয়ায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে তিনটি বিকল্প নামের প্রস্তাব পাঠিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। ই-মেলের মাধ্যমে কমিশনকে নিজেদের পছন্দের নামগুলি জানানো হয়েছে। তালিকায় প্রথম পছন্দ হিসেবে রাখা হয়েছে ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস বা জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসকে।

ঋতব্রত শিবিরের দ্বিতীয় পছন্দ ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস বা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তৃতীয় বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নামটি।

তবে তৃতীয় নামটি নিয়ে ঋতব্রত শিবিরের অন্দরে কিছুটা মতভেদ রয়েছে। শুক্রবার জুম কলের মাধ্যমে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক চলাকালীন এই নাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে অনেকেই পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নামটির বিষয়ে বিশেষ আগ্রহ দেখাননি বলে জানা গিয়েছে।

এর পিছনে যুক্তিও রয়েছে। এতদিন দলের পরিচিতি ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে। ফলে দলের নামের সঙ্গে সর্বভারতীয় পরিচয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছে ঋতব্রত শিবিরের একাংশ। তাঁদের বক্তব্য, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নাম গ্রহণ করা হলে নতুন দলটি প্রাদেশিক রাজনৈতিক দলের পরিচয় পেতে পারে। সেই কারণেই প্রথম দুটি নামকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুধু দলের নাম নয়, নির্বাচন কমিশনের ফ্রি প্রতীকের তালিকা থেকেও একাধিক প্রতীক পছন্দ করে রেখেছে ঋতব্রত শিবির। সেই পছন্দের তালিকাও ইতিমধ্যে কমিশনকে জানানো হয়েছে। এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট শিবির।

এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “রাজনীতি একটি স্থায়ী লড়াই এখানে প্রতি ঘণ্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে যুদ্ধ; এমন এক যুদ্ধ, যেখানে স্বার্থ, প্রয়োজন ও অগ্রাধিকার রোজ বদলে যায়। ভারতের সংবিধানে গণতন্ত্রের শাশ্বত আদর্শ ও মূল্যবোধ দীর্ঘজীবী হোক।”

নতুন দলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির।

Leave a comment