রাজ্যে শিল্প ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এবার মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করতেই সোমবার মুম্বই রওনা হওয়ার কথা তাঁর। বাংলায় আম্বানি গোষ্ঠীর একাধিক ব্যবসায়িক কর্মকাণ্ড রয়েছে। সেই পরিসর আরও বাড়ানো এবং রাজ্যে নতুন বিনিয়োগ আনার বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে আম্বানির বৈঠকে বন্যপ্রাণ সংরক্ষণ ও সংশ্লিষ্ট পরিকাঠামো নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আম্বানিদের উদ্যোগ ‘বনতারা’র একটি শাখা পূর্ব ভারতে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। বর্তমানে গুজরাটে বন্যপ্রাণীদের চিকিৎসা, পুনর্বাসন এবং সংরক্ষণের জন্য এই উদ্যোগ কাজ করছে। পশ্চিমবঙ্গের বনাঞ্চলকে কেন্দ্র করে এ রাজ্যেও তেমন কোনও প্রকল্প গড়ে তোলার প্রস্তাব মুখ্যমন্ত্রী দিতে পারেন বলে সূত্রের খবর।
উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স থেকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম—রাজ্যের বিস্তীর্ণ এলাকায় রয়েছে সমৃদ্ধ বনাঞ্চল। সম্প্রতি পুরুলিয়া সফরে গিয়ে দক্ষিণবঙ্গে বন্যপ্রাণীদের জন্য একটি অভয়ারণ্য তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই প্রকল্পের সঙ্গে ‘বনতারা’র সম্ভাব্য কোনও উদ্যোগকে যুক্ত করা যায় কি না, তা নিয়েও আলোচনা হতে পারে বলে প্রশাসনিক মহলে জল্পনা রয়েছে।
রাজ্যে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে গত মে মাসে সরকার গঠনের পর থেকেই একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে সরকার। শিল্পনীতিতে পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন শিল্পপতির সঙ্গে ধারাবাহিক বৈঠকও হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিল্পমন্ত্রী তাপস রায় এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
শনিবারই বিশিষ্ট শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক করেছেন শমীক ভট্টাচার্য। সিঙ্গুরে টাটা গোষ্ঠীর প্রকল্প ঘিরে দীর্ঘদিনের বিতর্কের পর রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ তৈরির লক্ষ্যেই এই ধারাবাহিক তৎপরতা বলে রাজনৈতিক ও শিল্পমহলে আলোচনা চলছে।

Leave a comment