নিত্যযাত্রীদের জন্য বড় সুবিধা নিয়ে এসেছে ভারতীয় রেল। এবার থেকে RailOne অ্যাপের মাধ্যমে নিজের পাশাপাশি অন্য যাত্রীর জন্যও Season Ticket বা মান্থলি টিকিট বুক করা যাবে। ৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই সুবিধা চালু হয়েছে। ফলে পরিবারের সদস্য, বন্ধু কিংবা অন্য কোনও যোগ্য যাত্রীর জন্য নিজের মোবাইল থেকেই টিকিট কাটতে পারবেন রেজিস্টার্ড ব্যবহারকারীরা।
আগে RailOne অ্যাপে মূলত নিজের জন্য Season Ticket বুক করার সুবিধা ছিল। নতুন নিয়মে একজন রেজিস্টার্ড ব্যবহারকারী নিজের জন্য একটি Season Ticket কাটার পাশাপাশি আরও পাঁচ জনের জন্য এই টিকিট বুক করতে পারবেন। ফলে পরিবারের একাধিক সদস্য নিয়মিত ট্রেনে যাতায়াত করলেও প্রত্যেকের আলাদা করে অ্যাকাউন্ট থেকে টিকিট কাটার প্রয়োজন হবে না।
নিজের জন্য ও অন্যের জন্য টিকিটে কী পার্থক্য?
রেলওয়ের নিয়ম অনুযায়ী, নিজের জন্য Season Ticket বুক করলে Geographical Verification বা ভৌগোলিক যাচাই সফল হওয়ার পর টিকিটটি বুকিংয়ের দিন থেকেই কার্যকর হতে পারে।
অন্য কোনও যাত্রীর নামে Season Ticket বুক করলে সেটি পরের দিন থেকে কার্যকর হবে। তাই অন্যের জন্য মান্থলি টিকিট কাটার ক্ষেত্রে যাত্রার তারিখের বিষয়টি আগে থেকে মাথায় রাখতে হবে।
বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিজের জন্য Season Ticket বুক করতে রেজিস্টার্ড ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অন্য কোনও ব্যক্তির জন্য টিকিট বুক করার ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীর বয়স অন্তত ৫ বছর হতে হবে।
প্রথমে মোবাইনে RailOne অ্যাপ খুলে নিজের রেজিস্টার্ড অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এরপর অ্যাপের হোমপেজ থেকে Unreserved অথবা Unreserved e-Ticket বিভাগে যেতে হবে।
সেখান থেকে Season Ticket বা Season Pass অপশন নির্বাচন করতে হবে। নতুন টিকিট কাটার জন্য Issue অপশনে যেতে হবে। এরপর যে যাত্রীর জন্য টিকিট কাটা হচ্ছে, তাঁর প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
অ্যাপে চাওয়া অনুযায়ী যাত্রীর নাম, বয়স বা জন্মতারিখ, ছবি এবং প্রয়োজনীয় পরিচয় সংক্রান্ত তথ্য দিতে হতে পারে। তাই ফর্ম পূরণের সময় প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করে দেওয়া জরুরি।
এরপর যাত্রার শুরুর স্টেশন এবং গন্তব্য স্টেশন নির্বাচন করতে হবে। রুট অনুযায়ী অ্যাপে যে Season Ticket-এর মেয়াদ উপলব্ধ থাকবে, সেখান থেকে প্রয়োজনীয় মেয়াদ বেছে নিতে হবে।
পরবর্তী ধাপে টিকিটের শ্রেণি, যাত্রীর তথ্য, যাত্রাপথ এবং কার্যকর হওয়ার তারিখ যাচাই করতে হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করা যাবে। পেমেন্ট সফল হলে RailOne অ্যাপেই Season Ticket তৈরি হয়ে যাবে।
বুকিংয়ের পর Season Ticket-এর PDF বা ইলেকট্রনিক কপি মোবাইলে সংরক্ষণ করে রাখা উচিত। চাইলে প্রিন্ট কপিও রাখা যেতে পারে। তবে শুধু Booking Receipt বা Payment Invoice দেখিয়ে ট্রেনে যাত্রা করা যাবে না।
যাত্রার সময় বৈধ Season Ticket দেখাতে হবে। টিকিটে সংশ্লিষ্ট যাত্রীর ছবি এবং QR Code থাকবে। টিকিট পরীক্ষক প্রয়োজন হলে Handheld Terminal দিয়ে QR Code স্ক্যান করে টিকিট যাচাই করতে পারেন। তাই মোবাইলে থাকা টিকিটের QR Code পরিষ্কার ও পাঠযোগ্য রাখা গুরুত্বপূর্ণ। QR Code অস্পষ্ট বা নষ্ট হয়ে গেলে টিকিট যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
প্রতিদিন অফিস, ব্যবসা, পড়াশোনা বা অন্য কোনও কাজে ট্রেনে যাতায়াত করতে হয় এমন যাত্রীদের জন্য Season Ticket বিশেষভাবে সুবিধাজনক। নির্দিষ্ট দুটি স্টেশনের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য বার বার যাতায়াত করা যায় এই টিকিটের মাধ্যমে।
Suburban এবং Non-Suburban— দুই ধরনের রুটেই রেলওয়ের নিয়ম অনুযায়ী Season Ticket পাওয়া যায়। তবে এই টিকিট থাকলেও Reserved Coach-এ যাতায়াত করা যায় না। কোনও নির্দিষ্ট ট্রেন বা দূরত্বের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলে সেটিও মেনে চলতে হবে।
এক অ্যাপেই একাধিক রেল পরিষেবা
RailOne অ্যাপকে ভারতীয় রেলের Super App হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে Season Ticket ছাড়াও Reserved Ticket, Unreserved Ticket এবং Platform Ticket বুক করা যায়। পাশাপাশি ট্রেনের অবস্থান ও সময়সূচি দেখা, Rail Madad-এর মাধ্যমে অভিযোগ জানানো এবং Food on Track-এর মতো পরিষেবাও ব্যবহার করা সম্ভব।

Leave a comment