মোবাইল ফোনের কিস্তি বকেয়া থাকাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। পরিবারের দাবি, প্রথম মাসের EMI দিতে না পারায় নাভাল নামে এক যুবককে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে একটি ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে এক ইউনিট রক্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, নাভাল ইএমআইয়ে ২১ হাজার ৫০০ টাকা দামের একটি স্যামসাং ফোন কিনেছিলেন। ফোন কেনার সময় কোনও ডাউন পেমেন্ট দিতে হয়নি। ১২ মাসে প্রতি মাসে ২,৭৯৯ টাকা করে কিস্তি দেওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণে প্রথম কিস্তির টাকা দিতে পারেননি তিনি।

পরিবারের অভিযোগ, এরপর দোকানের কর্মীরা নাভালের বাড়িতে গিয়ে ফোনটি নিয়ে যান। কিন্তু গত ৮ সেপ্টেম্বর ফের কয়েকজন তাঁর বাড়িতে পৌঁছন। অভিযোগ, সেদিন তাঁকে জোর করে সঙ্গে নিয়ে যাওয়া হয়। নাভালের দাবি, তাঁকে একটি ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে রক্ত নেওয়া হয়।

এরপর তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ। নাভালের বড় ভাই রাজকুমারকে ফোন করে ২,৭৯৯ টাকা অনলাইনে পাঠাতে বলা হয়। পরিবার নাভালকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে আরও ১২ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ।

এরপর থানায় অভিযোগ জানায় পরিবার। তবে প্রথমে পুলিশ তাঁদের সহযোগিতা করেনি বলে দাবি। এমনকি ভয় দেখানোর অভিযোগও উঠেছে। পরে নাভালের মা এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের কাছে বিষয়টি জানান। এরপরই নাভালকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিস্তি আদায়ের নামে সত্যিই যুবককে জোর করে রক্ত দিতে বাধ্য করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

Leave a comment