দুর্গাপুজোর আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরে নামী একটি শপিং মলে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে আচমকাই মলের দোতলা থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। মলের দ্বিতীয় তলায় আগুন লাগায় ভিতরে ঘন ধোঁয়া জমে যায়। আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে বাইরে থেকে মলের কাচ ভেঙে ভিতরে ঢোকার ব্যবস্থা করা হয়। সেই সময় কাচের আঘাতে একাধিক দমকলকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, পুজোর আগে শপিং মলে বিপুল পরিমাণ জামাকাপড় মজুত করা হয়েছিল। আগুনে তার বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। ফলে অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আগুন লাগার কারণ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। মলের জমির মালিক শুভাশিস সাহার দাবি, মলের সামনে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের পরেই আগুন ছড়িয়ে পড়ে বলে তাঁর অনুমান। তিনি জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ তিনি নিজে শুনেছিলেন।

তবে ট্রান্সফরমার বিস্ফোরণই আগুনের কারণ কি না, তা এখনও নিশ্চিত করেনি দমকল বিভাগ। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পরেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ স্পষ্ট হবে।

দমকল আধিকারিক শম্ভুনাথ গোপ জানান, মলের উপরের অংশে প্রচুর ধোঁয়া জমেছিল। ধোঁয়া বের করার জন্য কাচ ভাঙতে গিয়ে দমকলকর্মীদের আঘাত লাগে।

দমকলের তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। পুজোর ঠিক আগে ব্যস্ত শপিং মলে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। আগুনে মজুত পোশাক ও অন্যান্য সামগ্রীর ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

Leave a comment