কালীপুজো ও প্রতিমা বিসর্জন ঘিরে শহরের যান চলাচল নিয়ন্ত্রণে একাধিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। শনিবার পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টে পর্যন্ত প্রতিমা নিয়ে যাওয়ার গাড়ি ছাড়া অন্য পণ্যবাহী যান কলকাতায় ঢুকতে পারবে না। শহরের ভিতরেও পণ্যবাহী গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকবে। উৎসবের দিনগুলিতে নিরাপত্তার দায়িত্বে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হবে। পরিস্থিতি অনুযায়ী কয়েকটি রাস্তায় যান চলাচলের পথও বদল করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ নভেম্বর থেকে ৯ নভেম্বর ভোর পর্যন্ত বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, কলেজ স্ট্রিট ও লেনিন সরণি-সহ ১৭টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ৮ নভেম্বর বিকেল ৪টে থেকে ৯ নভেম্বর ভোর ৪টে পর্যন্ত কলেজ স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ ২৪টি রাস্তায় গাড়ি রাখা যাবে না। এই সময় ওই রাস্তাগুলিতে মালপত্র ওঠানো-নামানোও বন্ধ থাকবে।

জরুরি পরিষেবার গাড়ির ক্ষেত্রে অবশ্য ছাড় থাকছে। অ্যাম্বুল্যান্স, দমকল, পুলিশ ও এনডিআরএফের গাড়ি চলাচলে কোনও বাধা থাকবে না। রক্ত, জল, অক্সিজেন, ওষুধ ও খাদ্যপণ্য সরবরাহকারী যান এবং পুরসভার কাজে ব্যবহৃত গাড়িও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

কালীঘাট মন্দির সংলগ্ন এলাকাতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ৮ নভেম্বর ভোর ৫টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৫টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টে পর্যন্ত কালীঘাট রোড, রাসবিহারী অ্যাভিনিউ, সদানন্দ রোড ও হাজরা রোডে গাড়ি চলাচল ও পার্কিং বন্ধ থাকবে।

বিসর্জন পর্বেও একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। ৯ থেকে ১১ নভেম্বর প্রতিদিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৩টে পর্যন্ত বিডন স্ট্রিট, নিমতলা ঘাট স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, গার্ডেনরিচ রোড ও কালীঘাট রোড-সহ ৪৩টি রাস্তায় প্রতিমা বিসর্জনের গাড়ি ছাড়া অন্য যান চলাচল করতে পারবে না। ওই রাস্তাগুলিতে অন্য যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।

এ ছাড়া, প্রতিমা বিসর্জনের গাড়ির জন্যও ৩৫টি রাস্তা নিষিদ্ধ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে এজেসি বোস রোড, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, মা ফ্লাইওভার, এজেসি বোস রোড ফ্লাইওভার, এলগিন রোড, হরিশ মুখার্জি রোড, কালীঘাট ব্রিজ ও জিরাট ব্রিজ।

Leave a comment