UPI ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ২০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনের ক্ষেত্রে গ্রাহক কিংবা ব্যবসায়ীর কাছ থেকে কোনও ধরনের মাশুল বা সার্ভিস চার্জ নেওয়া যাবে না। ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে।
সোমবার এই বিষয়ে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সীমার মধ্যে UPI লেনদেনের জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত টাকা দিতে হবে না। একইসঙ্গে RuPay ডেবিট কার্ডের মাধ্যমে হওয়া নির্দিষ্ট ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও মাশুলমুক্ত ব্যবস্থা বজায় থাকবে।
সম্প্রতি ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর UPI লেনদেনে চার্জ চালু হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
সংশোধিত আইনে বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে সার্ভিস চার্জ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে আলোচনা শুরু হয়। এই বিষয়টি নিয়ে বিরোধীদের তরফেও কেন্দ্রের কাছে প্রশ্ন তোলা হয়েছিল।
এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, সাধারণ মানুষের দৈনন্দিন ডিজিটাল লেনদেনে অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো হবে না। এবার অর্থ মন্ত্রকের নির্দেশিকায় ২০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে চার্জ না নেওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে গেল।
বর্তমানে দেশের কোটি কোটি মানুষ ছোট-বড় কেনাকাটা এবং বিভিন্ন পরিষেবার বিল মেটাতে UPI ব্যবহার করেন। বিশেষ করে ছোট দোকান, বাজার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল পেমেন্টের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশে ২৪ হাজার কোটিরও বেশি UPI লেনদেন হয়েছে। এই বিপুল সংখ্যক লেনদেনের মোট অর্থমূল্য প্রায় ৩১৪ লক্ষ কোটি টাকা। ফলে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রভাব দেশের বিপুল সংখ্যক ডিজিটাল পেমেন্ট ব্যবহারকারীর উপর পড়বে।
২০০০ টাকা পর্যন্ত লেনদেনে চার্জ না থাকায় ছোট অঙ্কের পেমেন্ট আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রবণতাও আরও বাড়তে পারে।

Leave a comment