দীপাবলি ও ছটপুজো উপলক্ষে ভিনরাজ্যে থাকা বহু মানুষ বাড়ি ফেরেন। ফলে এই সময় বিহার, গুজরাত ও ওড়িশাগামী ট্রেনগুলিতে যাত্রীদের চাপ থাকে যথেষ্ট বেশি। অনেক ক্ষেত্রে টিকিট পাওয়াও কঠিন হয়ে পড়ে। সেই কথা মাথায় রেখে একাধিক রুটে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। পাশাপাশি আরও তিন জোড়া বিশেষ ট্রেনের পরিষেবা নভেম্বর মাস পর্যন্ত চালু থাকবে।

বিহারের যাত্রীদের জন্য শালিমার থেকে দ্বারভাঙা পর্যন্ত বিশেষ ট্রেন চালানো হবে। ০৮১০৯ নম্বরের শালিমার-দ্বারভাঙা স্পেশাল ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে। সকাল ১০টা ১৫ মিনিটে শালিমার থেকে ছেড়ে রাত ৯টা ৩০ মিনিটে দ্বারভাঙায় পৌঁছবে ট্রেনটি।

একই রুটে ফিরতি ট্রেন ০৮১১০ নম্বরের দ্বারভাঙা-শালিমার স্পেশাল চলবে ৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার। দ্বারভাঙা থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৩০ মিনিটে শালিমারে পৌঁছবে। এই ট্রেনের সাঁতরাগাছিতে বাণিজ্যিক স্টপেজ রাখা হয়েছে। ফলে কলকাতা ও হাওড়ার যাত্রীদেরও যাতায়াতে সুবিধা হবে।

গুজরাতের যাত্রীদের জন্য সাঁতরাগাছি-প্রতাপনগর রুটেও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ০৯১৬৫ নম্বরের প্রতাপনগর-সাঁতরাগাছি স্পেশাল ২ নভেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে প্রতাপনগর থেকে ছাড়বে। তৃতীয় দিন রাত ১২টা ৩০ মিনিটে পৌঁছবে সাঁতরাগাছিতে। ফিরতি ট্রেন ০৯১৬৬ নম্বরের সাঁতরাগাছি-প্রতাপনগর স্পেশাল ৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় ছেড়ে তৃতীয় দিন সকাল ৯টা ১৫ মিনিটে প্রতাপনগরে পৌঁছবে।

এই ট্রেনের স্টপেজ থাকছে খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, রৌরকেল্লা ও ঝাড়সুগুড়ায়। ফলে এই স্টেশনগুলির যাত্রীরাও বিশেষ ট্রেনের সুবিধা পাবেন।

এদিকে, বিশাখাপত্তনম-শালিমার, পুরী-সাঁতরাগাছি এবং হাতিয়া-মুম্বই এলটিটি রুটের আরও তিন জোড়া স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ানো হয়েছে। নভেম্বর মাসেও চলবে ট্রেনগুলি। উৎসবের সময় বাড়তি যাত্রী সামলাতে দক্ষিণ-পূর্ব রেলের এই সিদ্ধান্ত।

Leave a comment